এনভিডিয়ার উন্নত চিপ অন্য দেশে সরিয়ে নেওয়া হয়েছে কি না, তা খতিয়ে দেখছে মালয়েশিয়ার সরকার; প্রতিষ্ঠানটিকে এখনো কোনো ছাড়পত্র দেওয়া হয়নি বলে জানিয়েছে মন্ত্রণালয়
উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ অন্য দেশে সরিয়ে নেওয়ার অভিযোগে মেগাস্পিড ইন্টারন্যাশনালের মালয়েশিয়াভিত্তিক একটি সহযোগী প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দেশটির সরকার। এতে যুক্তরাষ্ট্রের চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়াকে ঘিরে চলমান বিতর্ক আরও বিস্তৃত হয়েছে।
মালয়েশিয়ার বিনিয়োগ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় (এমআইটিআই) শুক্রবার এক বিবৃতিতে জানায়, দেশটিতে আমদানি করা কোনো চিপ পরবর্তী সময়ে অন্য দেশে পুনঃরপ্তানি করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ধরনের পুনঃরপ্তানি আইন অনুযায়ী সম্পন্ন হয়েছে কি না, সেটিও তদন্তের আওতায় রয়েছে।
এ বিষয়ে রয়্যাল মালয়েশিয়ান কাস্টমস বিভাগের সঙ্গে কাজ করছে মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়, মেগাস্পিডের সহযোগী প্রতিষ্ঠান স্পিডম্যাট্রিক্স এসডিএন বিএইচডি-কে এখন পর্যন্ত ‘কখনোই ছাড়পত্র দেওয়া হয়নি’।

