শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

আবাসনসংকট ও ব্যয়বৃদ্ধির প্রতিবাদে স্পেনে ১৪ বছর পর সাধারণ ধর্মঘট

১৪ বছর পর দেশটিতে প্রথম সাধারণ ধর্মঘট; বার্সেলোনায় মুখোশধারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, গ্রেপ্তার কয়েক ডজন

আবাসনসংকট ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার প্রতিবাদে স্পেনের প্রধান শ্রমিক সংগঠনগুলোর ডাকা সাধারণ ধর্মঘটে অংশ নিয়েছেন হাজার হাজার মানুষ। ১৪ বছর পর দেশটিতে প্রথমবারের মতো এমন সাধারণ ধর্মঘট পালিত হলো। ধর্মঘটকে কেন্দ্র করে রাজধানী মাদ্রিদসহ বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে। বার্সেলোনায় মুখোশধারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।

মাদ্রিদে প্রায় এক লাখ ২০ হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন। বার্সেলোনায় বিক্ষোভে যোগ দেন ৫০ হাজারের বেশি মানুষ। ধর্মঘটের কারণে স্পেনজুড়ে পরিবহনব্যবস্থা ও অন্যান্য সরকারি সেবায় ব্যাপক বিঘ্ন ঘটে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিভিন্ন ঘটনায় কয়েক ডজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বার্সেলোনায় সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগ

বার্সেলোনায় প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, মুখোশধারীরা ময়লার পাত্রে আগুন দিচ্ছেন এবং দোকানের জানালা ভাঙচুর করছেন। এ সময় পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছোড়ে। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, একদল ব্যক্তি পুলিশের দিকে আতশবাজি ছোড়েন। লেগোসহ বিভিন্ন দোকানে লুটপাটের ঘটনাও ঘটে। বিক্ষোভকারীদের অ্যাপল স্টোরে ঢোকার চেষ্টা করতেও দেখা যায়।

বুধবার সন্ধ্যায় বার্সেলোনার কেন্দ্রীয় এলাকায় পুলিশের ব্যাপক উপস্থিতি ছিল। পুলিশ সদস্যদের মাথায় হেলমেট এবং হাতে দাঙ্গা নিয়ন্ত্রণের ঢাল দেখা যায়। শহরের কেন্দ্রস্থলে বিখ্যাত প্লাসা দে কাতালুনিয়ার কাছের পাসেই দে গ্রাসিয়া এলাকায় কয়েকটি সংঘর্ষের ঘটনা ঘটে। রাস্তায় ময়লার পাত্রে আগুন ধরিয়ে দেওয়ায় বিভিন্ন স্থানে ছোট ছোট আগুন জ্বলতে দেখা যায়।

বার্সেলোনার বিক্ষোভে অংশ নেওয়া এক নারী বিবিসিকে বলেন, দিনের বেশির ভাগ সময় বিক্ষোভের পরিবেশ শান্তিপূর্ণ ও আনন্দমুখর ছিল। বাড়িভাড়া বৃদ্ধির প্রতিবাদ জানাতে তিনি সেখানে গিয়েছিলেন। তাঁর ভাষায়, বিক্ষোভে অনেক শিশু ও বয়স্ক মানুষও ছিলেন। তবে সন্ধ্যায় লাস রামব্লাস এলাকায় গিয়ে তিনি রাস্তায় আগুন জ্বলতে দেখেন। তিনি বলেন, চারদিকে আগুন জ্বলছিল, পরিস্থিতি ছিল খুবই উত্তেজনাপূর্ণ।

দিনের শুরুতেই মাদ্রিদ ও বার্সেলোনার বিভিন্ন এলাকায় বিশৃঙ্খলা দেখা দেয়। প্রধান কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। স্পেনের সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আবাসন ব্যবসায়ীদের বিভিন্ন কার্যালয়েও হামলা হয়েছে।

ধর্মঘট সফল দাবি শ্রমিক সংগঠনগুলোর

দেশটির বৃহৎ শ্রমিক সংগঠন ইউজিটির প্রধান পেপে আলভারেজ বলেছেন, বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে ধর্মঘট সফল হয়েছে। আরেক শ্রমিক সংগঠন সিসি ওওর নেতা উনাই সোর্দো বলেছেন, ধর্মঘটে অংশগ্রহণের হার ছিল ‘খুবই উল্লেখযোগ্য’।

মাদ্রিদে বিক্ষোভে অংশ নেওয়া এক ব্যক্তি রয়টার্সকে বলেন, তাঁরা পুরো শহর অচল করে দিয়েছেন। ধর্মঘটের প্রতি ব্যাপক সমর্থন রয়েছে বলেও দাবি করেন তিনি। বৃষ্টির আবহাওয়া সত্ত্বেও রাস্তায় মানুষের ঢল নেমেছে বলে জানান ওই ব্যক্তি।

৩৭ বছর বয়সী শিক্ষক ওলগা দোমিঙ্গোও বিক্ষোভে অংশ নেন। তিনি বলেন, আবাসন পরিস্থিতি ভয়াবহ। বর্তমান বেতনের তুলনায় জীবনযাত্রার ব্যয় এত বেশি যে এভাবে চলা অসম্ভব।

ভাড়া আয়ের প্রায় অর্ধেক

আবাসন পাওয়ার সুযোগ সংকুচিত হওয়া এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভের পর সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়। মাদ্রিদে ৮৭ বছর বয়সী মারিকারমেন আবাসকালকে তাঁর বাসা থেকে উচ্ছেদের ঘটনাটি আন্দোলনের সূত্রপাত ঘটায়। ওই বাসায় তিনি সাত দশক ধরে বসবাস করছিলেন। উচ্ছেদের কয়েক সপ্তাহ পর হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

সাম্প্রতিক বছরগুলোতে রাজধানী মাদ্রিদে বাড়িভাড়া বেড়েছে। আবাসনবিষয়ক ওয়েবসাইট আইডিয়ালিস্তার তথ্য অনুযায়ী, অক্টোবরে মাদ্রিদে ৫০ বর্গমিটারের একটি অ্যাপার্টমেন্টের মাসিক গড় ভাড়া ছিল এক হাজার ১৭০ ইউরো। অন্যদিকে স্পেনে মাসিক গড় মোট বেতন প্রায় দুই হাজার ৪৬০ ইউরো।

অর্থাৎ একজন গড় বেতনভোগীকে আয়ের প্রায় অর্ধেকই বাড়িভাড়ায় ব্যয় করতে হচ্ছে। আবাসন বিশেষজ্ঞ ও সরকারি প্রতিষ্ঠানগুলোর সুপারিশ অনুযায়ী, একজন ব্যক্তির আয়ের ৩০ শতাংশের মধ্যে বাড়িভাড়া থাকা উচিত। কিন্তু স্পেনে এই হার তার চেয়ে অনেক বেশি।

উচ্ছেদের ঘটনা আন্দোলনের স্ফুলিঙ্গ

সাধারণ ধর্মঘটে অংশ নেওয়া ২৭ বছর বয়সী গনসালো আলভারেজ মাদ্রিদের কেন্দ্রীয় এলাকার বিভিন্ন পিকেটিং কর্মসূচিতে অংশ নেন। তিনি বিক্রয়কর্মী হিসেবে কাজ করার পাশাপাশি আবাসন অধিকার নিয়ে কাজ করা একটি সংগঠনের স্বেচ্ছাসেবী।

বিবিসিকে আলভারেজ বলেন, গত সেপ্টেম্বরের শেষ দিকে মারিকারমেন আবাসকালকে উচ্ছেদের ঘটনাটিই ছিল ‘ছোট্ট একটি স্ফুলিঙ্গ’, যা আন্দোলনের আগুন জ্বালিয়ে দেয়। ৮৭ বছর বয়সী ওই নারীকে তিনি চিনতেন। নতুন বাড়িওয়ালারা তাঁর বাড়িভাড়া তিন গুণ বাড়িয়ে দিয়েছিলেন। তাঁর সঙ্গে এমন আচরণ করায় আলভারেজ গভীরভাবে মর্মাহত হন।

মাদ্রিদের দক্ষিণাঞ্চলের আর্গানজুয়েলা এলাকায় প্রেমিকার সঙ্গে একটি ছোট এক শয়নকক্ষের ফ্ল্যাটে ভাড়া থাকেন আলভারেজ। তাঁর প্রেমিকা একজন দন্তস্বাস্থ্যকর্মী। দুজন মিলে প্রতি মাসে বাড়িভাড়া দেন এক হাজার ইউরো। অন্যান্য বিল পরিশোধের আগেই তাঁদের প্রত্যেককে নিজেদের বেতনের প্রায় অর্ধেক বাড়িভাড়ায় ব্যয় করতে হয়।

আলভারেজ বলেন, খাবার, বিদ্যুৎ, পানি ও গ্যাস—সবকিছুর খরচই অনেক বেশি। নিজেদের বাড়ি কেনার কোনো উপায়ও তিনি দেখছেন না। তাঁর ভাষায়, একটি বাড়ি কিনতে অসম্ভব পরিমাণ অর্থ জমাতে হবে, যা বর্তমান বেতনে কোনোভাবেই সম্ভব নয়।

নির্বাচনের আগে ধর্মঘট নিয়ে রাজনৈতিক বিতর্ক

আবাসন খাতে সংস্কার আনার পরিকল্পনা পার্লামেন্টে অনুমোদন না পাওয়ায় গত মাসে আগাম নির্বাচনের ডাক দেন সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। আগামী ২৯ নভেম্বর দেশটিতে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

২০১২ সালে রক্ষণশীল সরকারের প্রধানমন্ত্রী মারিয়ানো রাখয়ের আমলে সর্বশেষ স্পেনে সাধারণ ধর্মঘট হয়েছিল। আগের সাধারণ ধর্মঘটগুলো ক্ষমতাসীন সরকারের জন্য সমস্যার কারণ হলেও এবারের পরিস্থিতি কিছুটা ভিন্ন। প্রধানমন্ত্রী সানচেজ ও তাঁর মন্ত্রীরা বরং শ্রমিকদের কাজ বন্ধ রেখে সাশ্রয়ী আবাসনের দাবিতে আন্দোলনে নামতে উৎসাহিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সানচেজ আগের ধর্মঘটগুলোতে অংশ নেওয়া ব্যক্তিদের প্রশংসা করেন। তিনি লেখেন, ‘আপনার আট ঘণ্টার কর্মদিবস, আপনার পেনশন, আপনার সরকারি স্বাস্থ্যসেবা—এসবই সম্মিলিত আন্দোলনের মাধ্যমে অর্জিত অধিকার।’

অন্যদিকে রক্ষণশীল পিপি দল অভিযোগ করেছে, সরকার নির্বাচনী সুবিধা পেতে ধর্মঘটকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। দলটির নেতা আলবার্তো নুনিয়েস ফেইহো সাধারণ ধর্মঘটকে ‘অর্থহীন’ বলে আখ্যা দিয়েছেন। শ্রমিক সংগঠনগুলোকে ‘মাফিয়া’ ও ‘আবর্জনা’ বলেও মন্তব্য করেছেন তিনি।

জনমত জরিপে ফেইহোর দল এগিয়ে রয়েছে। দলটির মুখপাত্র মিগেল তেয়াদো অভিযোগ করেছেন, ২৯ নভেম্বরের নির্বাচনে ভোটাররা যাতে ডানপন্থী সরকার গঠনের সুযোগ না দেন, সে জন্য সরকার ধর্মঘটকে ব্যবহার করছে। নির্বাচনের পর ডানপন্থীদের সরকার গঠনের সম্ভাবনাই সবচেয়ে বেশি বলে মনে করা হচ্ছে।

এদিকে স্পেনের সবচেয়ে বড় ব্যবসায়ী সংগঠন সিইওইর সহসভাপতি মিগেল গারিদো ধর্মঘটের সমালোচনা করেছেন। তাঁর অভিযোগ, আবাসন খাতের উচ্চমূল্যের জন্য ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর তেমন কোনো দায় নেই। তিনি বলেন, এটি শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট কোনো কারণে ডাকা ধর্মঘট নয়; বরং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং আগাম নির্বাচনের ঘোষণার সঙ্গে এর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

স্পেনের টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে সানচেজ বলেন, শ্রমিকদের ধর্মঘট করার অধিকার নিয়ে প্রশ্ন তোলাই বরং অর্থহীন।

বিদ্যুতের চাহিদা কমেছে ৭ দশমিক ৫ শতাংশ

দিনের পরের ভাগে স্পেনের বড় বড় শহরে আরও বিক্ষোভ কর্মসূচির পরিকল্পনা ছিল। এসব কর্মসূচিতে কত মানুষ অংশ নেন, তা নির্বাচনের আগে জনগণের অসন্তোষের মাত্রা বোঝার গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত হবে।

ধর্মঘটের প্রতি মানুষের সমর্থন বোঝার আরেকটি সূচক হলো দেশটির শিল্প খাতে বিদ্যুতের চাহিদা। বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান রেড এলেকত্রিকার তথ্য অনুযায়ী, বুধবার ভোরের দিকে স্পেনে বিদ্যুতের ব্যবহার ৭ দশমিক ৫ শতাংশ কমে যায়। ১৪ বছর আগে অনুষ্ঠিত সর্বশেষ সাধারণ ধর্মঘটের সময় একই সময়ে বিদ্যুতের ব্যবহার ১৫ শতাংশের বেশি কমেছিল।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন