তেহরানকে চুক্তিতে পৌঁছানোর এবং আরও প্রাণহানি এড়ানোর সুযোগ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরান শেষ পর্যন্ত চুক্তিতে রাজি হবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি।
ইরানের বিরুদ্ধে যুদ্ধে বিজয় এখন ‘হাতের নাগালে’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থ্যাংকসগিভিং উপলক্ষে মার্কিন সেনাসদস্যদের সঙ্গে টেলিফোনে কথা বলার সময় এসব মন্তব্য করেন তিনি।
ট্রাম্প বলেন, সংঘাতের চূড়ান্ত পরিণতি নির্ভর করবে তাঁর সিদ্ধান্তের ওপর। তবে ইরান শেষ পর্যন্ত চুক্তিতে রাজি হবে কি না, তা নিয়ে তিনি নিশ্চিত নন।
তিনি বলেন, ‘ইরানে বিজয় এখন আমাদের হাতের নাগালে। কখন এবং কীভাবে এটি হবে, তা অনেকটা আমার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। সত্যি বলতে, আমরা সদয় আচরণ করার চেষ্টা করছি। একটি চুক্তিতে পৌঁছাতে এবং অনেক মানুষের জীবন বাঁচাতে আমরা তাদের সব ধরনের সুযোগ দিচ্ছি। তবে তারা এই সুযোগ কাজে লাগাবে কি না, সে বিষয়ে আমি নিশ্চিত নই।’
তিনি আরও বলেন, ‘কিছু মানুষ প্রশ্ন করেন, কেন এমন হচ্ছে? তারা কি পাগল? হয়তো তাই।’
পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না
ইরানের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন সেনাদের ভূমিকার প্রশংসা করেন ট্রাম্প। একই সঙ্গে তেহরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না বলে আবারও কঠোর অবস্থান জানান তিনি।
মার্কিন সেনাসদস্যদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘আপনাদের প্রত্যেকেই শুধু আজ আমাদের দেশকে নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের আমেরিকানদের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন; এটি নিশ্চিত করার মাধ্যমে যে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। তারা কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না। এ বিষয়ে আমি আপনাদের নিশ্চিত করতে পারি।’

