শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে নাশকতা, সহিংসতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় নিরাপত্তা তৎপরতা জোরদার করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। শিল্পকারখানার নিরাপত্তা, সড়কে যান চলাচল স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ৯ জেলায় মোট ৫৯ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন রয়েছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা এবং বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের পরিকল্পনা ও দিকনির্দেশনায় আনসার ব্যাটালিয়নের সদস্যরা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন।
গাজীপুরে সড়কের প্রতিবন্ধকতা অপসারণ
বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার গাজীপুরের নাওজোর পয়েন্টে সড়কে ব্লক ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলে আনসার ব্যাটালিয়নের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তা অপসারণ করেন। একই এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
এ ছাড়া চান্দনা চৌরাস্তা, মৌচাক, আমবাগকাটা, তেলিরচালা, সফিপুর, সালনা, মাওনা, কোনাবাড়ী ও কাশিমপুরসহ শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।
আনসার বাহিনীর দাবি, তাদের তৎপরতায় শিল্পাঞ্চলের অধিকাংশ গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। শ্রমিক ও সাধারণ মানুষ নির্বিঘ্নে গন্তব্যে যাতায়াত করছেন।
পুলিশ-বিজিবির সঙ্গে সমন্বিত দায়িত্ব পালন
শিল্পকারখানার নিরাপত্তা ও উৎপাদন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে পুলিশ, বিজিবি, শিল্প পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন আনসার সদস্যরা।
যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে বিশেষ স্ট্রাইকিং টিম ও অতিরিক্ত সদস্য প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি মোতায়েন করা সদস্যদের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রাথমিক চিকিৎসাসামগ্রী ও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নিয়োজিত রয়েছেন।
৯ জেলায় ৫৯ প্লাটুন মোতায়েন
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গাজীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, নারায়ণগঞ্জ, খুলনা, মাদারীপুর, শরীয়তপুর, সাতক্ষীরা ও ময়মনসিংহ—এই ৯ জেলায় বর্তমানে মোট ৫৯ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন রয়েছেন।
জেলাভিত্তিক মোতায়েনের সংখ্যা হলো—গাজীপুরে ১৯, গোপালগঞ্জে ১৫, ফরিদপুরে ৫, নারায়ণগঞ্জে ৪, খুলনা, মাদারীপুর ও শরীয়তপুরে ৪টি করে এবং সাতক্ষীরা ও ময়মনসিংহে ২টি করে প্লাটুন।
এসব জেলার শিল্পাঞ্চল, প্রশাসনিক ভবন, গুরুত্বপূর্ণ স্থাপনা, সড়ক ও জনসমাগমস্থলে নিরাপত্তা ও নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে।
বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের জননিরাপত্তা, আইনশৃঙ্খলা ও গুরুত্বপূর্ণ স্থাপনার সুরক্ষায় আনসার সদস্যদের তৎপরতা অব্যাহত থাকবে। শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ কর্মপরিবেশ বজায় রাখা, উৎপাদন কার্যক্রম সচল রাখা এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন তাঁরা।

