ভুয়া চিকিৎসক দিয়ে রোগী দেখা, অদক্ষ ব্যক্তির মাধ্যমে এক্স-রে, অতিরিক্ত ফি আদায় ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে মোট ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
কুমিল্লা নগরের শাসনগাছা এলাকায় বিভিন্ন হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিতে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভুয়া চিকিৎসকের মাধ্যমে চিকিৎসাসেবা প্রদান, অদক্ষ ব্যক্তিকে দিয়ে এক্স-রে করানো, পরীক্ষার জন্য অতিরিক্ত ফি আদায় এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রিসহ নানা অনিয়মের প্রমাণ পাওয়ায় এ জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কুমিল্লা আদর্শ সদর উপজেলার শাসনগাছা এলাকায় সিভিল সার্জন কার্যালয় ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। অভিযানেও নেতৃত্ব দেন তিনি।
নিবন্ধন ছাড়াই চিকিৎসকের দায়িত্ব পালনের অভিযোগ
মো. কাউছার মিয়া জানান, কুমিল্লা এভারকেয়ার হাসপাতালে রায়হানুল হাসান নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে নিবন্ধন ছাড়াই ডিউটি চিকিৎসকের দায়িত্ব পালনের পাশাপাশি নিয়মিত রোগী দেখতেন।
ওই ব্যক্তি নিজেকে কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেছেন বলে দাবি করেন। তবে যাচাই-বাছাই করে এর সত্যতা পাওয়া যায়নি। এ ঘটনায় তাঁর প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তিন প্রতিষ্ঠানে জরিমানা
অভিযানে কুমিল্লা এভারকেয়ার হাসপাতালকে ১ লাখ ৫০ হাজার টাকা, খিদমাহ স্পেশালাইজড হাসপাতালকে ২০ হাজার টাকা এবং আতিক মেডিকেল হলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠান তিনটির বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন প্রতিষ্ঠানে চিকিৎসাসেবায় নিবন্ধনবিহীন ব্যক্তির সম্পৃক্ততা, অদক্ষ কর্মী দিয়ে এক্স-রে করানো, বিভিন্ন পরীক্ষার জন্য নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকা আদায় এবং ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির মতো অনিয়ম পাওয়া যায়। এসব অপরাধের দায়ে তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে জরিমানা আরোপ করা হয়।
অভিযান শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার মুচলেকা নেওয়া হয় এবং সতর্ক করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন যারা
অভিযানে উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়নাল আবেদিন, এমওডিসি ডা. প্রসেনজিৎ বিশ্বাস, সদর মেডিকেল অফিসার ডা. জিনাত মুসতারী এবং উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আবুল কালাম আজাদ। কুমিল্লা জেলা পুলিশের একটি দলও অভিযানে সহযোগিতা করে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া জানান, জনস্বার্থে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও ফার্মেসিতে অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

