পৌর শহরের হোসেনপুর এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ফাহিম রহমান খান পাঠানের বাসায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে বাসার বারান্দার একটি কক্ষে থাকা কিছু আসবাবপত্র পুড়ে গেছে।
নেত্রকোণা পৌর শহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা মো. ফাহিম রহমান খান পাঠানের বাসায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হোসেনপুর এলাকায় এ ঘটনা ঘটে। ফাহিম রহমান খান পাঠান এনসিপির কেন্দ্রীয় বেসরকারি পেশাজীবীবিষয়ক সহসম্পাদক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর সাড়ে ৪টার দিকে বাসার বারান্দার একটি কক্ষে আগুন দেখতে পান ভেতরে থাকা লোকজন। তাঁরা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে এলাকাবাসী এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করেন। এতে ওই কক্ষে থাকা কিছু আসবাবপত্র পুড়ে যায়।
হুমকি পাওয়ার অভিযোগ
ফাহিম রহমান খান পাঠান জানান, বেশ কিছুদিন ধরে অজ্ঞাত নম্বর থেকে তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল। বিষয়টি তিনি দলের কেন্দ্রীয় নেতাদের জানিয়েছেন।
এ অগ্নিসংযোগের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনুসারীদের দায়ী করে অভিযোগ করেছেন তিনি।
নেত্রকোণা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

