প্রত্যর্পণের মাধ্যমেই তাঁকে ফিরিয়ে আনার সুযোগ রয়েছে; ভারত সরকার তাঁকে নিয়ে অস্বস্তিতে রয়েছে বলে মন্তব্য হুমায়ুন কবিরের
জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, প্রত্যর্পণের মাধ্যমেই তাঁকে বাংলাদেশে ফিরিয়ে আনার সুযোগ রয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
শেখ হাসিনাকে নিয়ে ভারত অস্বস্তিতে
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনার কারণে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক অস্বস্তিতে রয়েছে। তাঁকে নিয়ে ভারত সরকারও বিপদে ও অস্বস্তিতে রয়েছে।
১৬ ডিসেম্বর শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন না। তাঁকে হয় হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্যে দেশে ফিরিয়ে আনা হবে। প্রত্যর্পণের মাধ্যমেই তাঁকে দেশে ফিরিয়ে আনার সুযোগ রয়েছে।
সম্পর্ক হবে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে
এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, পৃথিবীর সব দেশেই রাজনৈতিক পাগল আছে। বাংলাদেশের সম্পর্ক হবে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে। গুরুত্বপূর্ণ আলোচনা হবে দুই দেশের সরকারের মধ্যে।
তিনি আরও বলেন, অপরাধীদের জন্য এক ধরনের নীতি রয়েছে, আর সাধারণ নাগরিকদের জন্য আরেক ধরনের নীতি। শেখ হাসিনা অপরাধীদের শ্রেণিতে পড়েন। প্রত্যর্পণের মাধ্যমেই তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে।
শেখ হাসিনার বক্তব্য নিয়ে বিরক্তিকর পরিস্থিতি
শেখ হাসিনা এমন পাগলামি করছেন যে ভারতকেও এখন তা হজম করতে হচ্ছে—এমন মন্তব্য করে হুমায়ুন কবির বলেন, আপনি যদি আপনার বাড়িতে কাউকে আমন্ত্রণ জানান, পরে দেখেন তিনি সেখানে ঢুকে এমন পাগলামি করছেন, উল্টাপাল্টা কথাবার্তা বলছেন যে তাঁকে বেরও করতে পারছেন না, আবার সহ্যও করতে হচ্ছে। বিষয়টি একটি বিরক্তিকর সমস্যায় পরিণত হয়েছে।

