বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

ঝরে পড়া শিশুদের শিক্ষামূলক কার্যক্রমে যুক্ত করার সুপারিশ সংসদীয় কমিটির

প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু, নৈতিক শিক্ষা নিশ্চিত ও কোচিংনির্ভরতা কমানোর বিষয়েও মন্ত্রণালয়কে পরামর্শ

প্রাথমিক বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুরা যেন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে জন্য তাদের বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমে অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মাহমুদা হাবিবা এমপির সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটির সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, কমিটির সদস্য মো. সাদিক রিয়াজ, মো. ইলিয়াস মোল্লা, মো. মোক্তার আলী এবং মাহফুজা হান্নান অংশ নেন।

শিক্ষা কার্যক্রম ও কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা

বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং কমিটির সভাপতি ও সদস্যদের সঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের উপস্থিত কর্মকর্তাদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রথম সভার আলোচ্য বিষয়গুলোর সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কার্যক্রম, চলমান নন-ফরমাল এডুকেশন ডেভেলপমেন্ট কার্যক্রম এবং প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৫) বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। কমিটির সদস্যরা উপস্থাপিত বিষয়গুলোর ওপর আলোচনায় অংশ নিয়ে বিভিন্ন সুপারিশ দেন।

মিড ডে মিল ও নৈতিক শিক্ষা চালুর পরামর্শ

প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালুর ক্ষেত্রে কোনো অঞ্চলের সব বিদ্যালয় যেন কর্মসূচির আওতায় থাকে, সে বিষয়ে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে সুপারিশ করে কমিটি।

প্রাথমিক স্তরে নৈতিক শিক্ষা বাস্তবায়নে প্রত্যেক প্রাথমিক বিদ্যালয়ে ধর্মভিত্তিক শিক্ষক পদায়নের বিষয়েও মন্ত্রণালয়কে পরামর্শ দেওয়া হয়।

এ ছাড়া দেশে একটি সুনির্দিষ্ট ও কার্যকর জাতীয় শিক্ষানীতি প্রণয়নের সুপারিশ করে কমিটি।

মানসম্মত শিক্ষা ও কোচিংনির্ভরতা কমানোর তাগিদ

টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা, যোগ্য শিক্ষক নিয়োগ বাড়ানো এবং শিক্ষা পদ্ধতি ও পাঠ্যক্রম যুগোপযোগী করার সুপারিশ করা হয়।

শ্রেণিকক্ষে পাঠদান পদ্ধতি এমনভাবে পরিচালনার পরামর্শ দেওয়া হয়, যাতে শিক্ষার্থীদের অন্য কোথাও প্রাইভেট বা কোচিংয়ে পড়তে না হয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে নির্দেশনা দেয় কমিটি।

এ ছাড়া প্রাথমিক শিক্ষক নিয়োগ, পদায়ন, বদলি ও পদোন্নতির প্রক্রিয়া সহজ ও দ্রুত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

বাজেট বাস্তবায়নের অগ্রগতি ত্রৈমাসিকভাবে উপস্থাপনের সুপারিশ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তরগুলোর বিভিন্ন খাতে বরাদ্দ করা বাজেট বাস্তবায়নের অগ্রগতি প্রতি তিন মাস অন্তর কমিটির কাছে উপস্থাপনের সুপারিশ করা হয়।

বৈঠকে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ও কমিটি সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. দাউদ মিয়া, মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তরের প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন