বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে স্বাধীনভাবে কাজ করেছে বোর্ড, এতে সরকারের কোনো হস্তক্ষেপ ছিল না: মাহদী আমিন

চার গ্রেডে সর্বনিম্ন ১৭ হাজার থেকে সর্বোচ্চ ২১ হাজার ৫০০ টাকা মজুরির খসড়া চূড়ান্ত; ঐকমত্যে পৌঁছেছেন মালিক ও শ্রমিক প্রতিনিধিরা।

তৈরি পোশাক খাতের মজুরি বোর্ড স্বাধীনভাবে মজুরি নির্ধারণ করেছে এবং এতে সরকারের কোনো হস্তক্ষেপ ছিল না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

খসড়া মজুরি প্রস্তাব চূড়ান্ত হওয়ার পর এর বিস্তারিত তুলে ধরতে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শ্রমভবনে সংবাদ সম্মেলন করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এতে মজুরি বোর্ডের সদস্যসহ শিল্প খাত সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে মাহদী আমিন বলেন, ‘শ্রমিকের স্বার্থকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন প্রধানমন্ত্রী; তার নির্দেশেই স্বতন্ত্র ও নিরপেক্ষ থেকে মজুরি নির্ধারণ করেছে বোর্ড। যেখানে মূল্যস্ফীতি, জীবনমান, উৎপাদন ব্যয় ও উৎপাদন সক্ষমতাকে আমলে নেওয়া হয়েছে।’

চার গ্রেডে মজুরির খসড়া চূড়ান্ত

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১ নভেম্বর তৈরি পোশাক খাতের মজুরি বোর্ড গঠনের ২৪ দিনের মাথায় চতুর্থ বৈঠকেই ঐকমত্যে পৌঁছান শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা।

এতে চারটি গ্রেডে সর্বনিম্ন ১৭ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২১ হাজার ৫০০ টাকা মজুরির খসড়া চূড়ান্ত করা হয়।

গুজব না ছড়ানোর আহ্বান বোর্ড সদস্যদের

সংবাদ সম্মেলনে মজুরি বোর্ডের সদস্যরা জানান, মজুরি নিয়ে গুজব ছড়ানোর কোনো সুযোগ নেই। ঐকমত্যের ভিত্তিতেই সিদ্ধান্তে পৌঁছেছে বোর্ড। এ সময় শিল্পের স্বার্থে মালিক-শ্রমিক সুসম্পর্ক এগিয়ে নেওয়ার তাগিদ দেন তারা।

শনিবার থেকে কারখানা স্বাভাবিক চালুর প্রত্যাশা

এ সময় কোনো চক্রান্ত যেন শিল্প খাতকে ধ্বংস করতে না পারে, সে বিষয়ে শ্রমিক ও মালিক—উভয় পক্ষকে সজাগ থাকার আহ্বান জানান শ্রমমন্ত্রী।

শিল্প খাতের সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়ে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন, আগামী শনিবার থেকে সব কলকারখানা সুষ্ঠু ও স্বাভাবিকভাবে চালু হবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন