বন্ধ ২৯ শাখা, ঋণসেবা থেকে বঞ্চিত হচ্ছেন গ্রাহক; হামলায় অর্থায়ন হয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে
দেশের বিভিন্ন অঞ্চলে এখন পর্যন্ত গ্রামীণ ব্যাংকের ১০৪টি স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় অর্থায়ন হয়েছে কি না, তা খতিয়ে দেখার পাশাপাশি সন্দেহজনক আর্থিক লেনদেন বন্ধ করা হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।
বন্ধ রয়েছে ২৯ শাখার কার্যক্রম
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, গত ১০ নভেম্বর থেকে গ্রামীণ ব্যাংকের ২৯টি শাখার কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এসব হামলায় ব্যাংকের অবকাঠামো, আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র ও অন্যান্য সম্পদের ক্ষতি হয়েছে। পাশাপাশি কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের মধ্যে গভীর উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
এক কোটির বেশি সদস্যের ব্যাংক
গ্রামীণ ব্যাংকের সদস্য সংখ্যা ১ কোটি ৭ লাখ ৭৩ হাজারের বেশি। দেশের ৮১ হাজার ৬৭৮টি গ্রামে ব্যাংকটির কার্যক্রম বিস্তৃত। ব্যাংকের মোট সঞ্চিতি প্রায় ১৯ হাজার ২৯৮ কোটি টাকা এবং সদস্যদের আমানত প্রায় ২৫ হাজার ১১৫ কোটি টাকা। এ ছাড়া প্রায় ১৫ হাজার কোটি টাকার তহবিল বিভিন্ন ব্যাংক ও সরকারি ট্রেজারি বিলেও বিনিয়োগ রয়েছে।
ঋণসেবা থেকে বঞ্চিত গ্রাহকরা
বর্তমানে ব্যাংকটিতে মৌসুমি ঋণ কার্যক্রম চলমান থাকলেও বন্ধ থাকা শাখাগুলোর গ্রাহকরা এ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। আগামী ঈদুল আজহাকে সামনে রেখে গরু মোটাতাজাকরণ কর্মসূচি সাধারণত অন্তত ছয় মাস আগে শুরু হয়। তবে বন্ধ থাকা শাখাগুলোর গ্রাহকরা পশুপালন ঋণ নিতে পারছেন না।
সার্বিকভাবে, ২৯টি শাখার কার্যক্রম বন্ধ থাকায় সেসব এলাকার গ্রাহকরা ঋণসুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এতে দারিদ্র্য বিমোচন ও গ্রামীণ অর্থনীতি সচল রাখার কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।
ব্যাংকগুলোকে নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ
এ ছাড়া বিভিন্ন ব্যাংক ও বুথে হামলা এবং গ্রাহকের অর্থ ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

