১১ দিনের ব্যবধানে দ্বিতীয়বার আগুন দেওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ
সিলেটে গ্রামীণ ব্যাংকের আরেকটি শাখার কার্যালয় থাকা ভবনের নিচতলার বারান্দায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ২টার দিকে নগরীর মোগলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এক যুবক গ্রামীণ ব্যাংকের কার্যালয় থাকা ভবনের নিচতলার বারান্দায় দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দিচ্ছেন। মুহূর্তের মধ্যে বারান্দায় আগুন জ্বলতে দেখা যায়। তবে ওই যুবকের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ভবনের নিচতলার বারান্দায় আগুন
এ বিষয়ে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে সরাসরি আগুন দেওয়া হয়নি। যে ভবনে আগুন দেওয়া হয়েছে, তার দোতলায় গ্রামীণ ব্যাংকের কার্যালয় এবং নিচতলায় ভবনের কেয়ারটেকার থাকেন।
ওসি আরও জানান, নিচতলার বারান্দায় কেরোসিন ঢেলে আগুন দেওয়া হয়েছে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় ভবনের কেয়ারটেকার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। আগুন দেওয়ার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
১১ দিনের ব্যবধানে দ্বিতীয় ঘটনা
উল্লেখ্য, এর আগে গত ১৫ নভেম্বর সিলেট নগরীর শাহজালাল উপশহরে গ্রামীণ ব্যাংকের জোনাল কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ১১ দিনের ব্যবধানে গ্রামীণ ব্যাংকের কার্যালয় থাকা ভবনে দ্বিতীয়বার আগুন দেওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

