বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মিল্কভিটার চেয়ারম্যানের বাড়িতে পেট্রোল বোমা হামলা, গ্রেপ্তার ৩

গ্রেপ্তার ব্যক্তিরা ছাত্রলীগ ও যুবলীগের কর্মী বলে দাবি পুলিশের; হামলায় ব্যবহৃত মোটরসাইকেল ও ভিডিও ধারণের মোবাইল ফোন উদ্ধার

বাগেরহাটের ফকিরহাটে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্কভিটা) চেয়ারম্যান এস এম আমির হামজা শাতিলের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা ছাত্রলীগ ও যুবলীগের কর্মী বলে দাবি পুলিশের।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে বাগেরহাটের পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া গ্রামের মেহেদী হাসানের ছেলে শরীফুল ইসলাম শামীম (২৩), খুলনার লবণচোরা এলাকার মো. আলতাফ হোসেনের ছেলে মাহমুদুন নবী (৩১) এবং ফকিরহাট উপজেলার বারাশিয়া গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে মেহেদী হাসান রাসেল (২৬)।

অভিযানে গ্রেপ্তার, উদ্ধার মোটরসাইকেল ও মোবাইল ফোন

পুলিশ সুপার বলেন, বুধবার দিনভর বাগেরহাট ও খুলনার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, গত ১৮ নভেম্বর রাতে ফকিরহাটের ছোট বাহিরদিয়া গ্রামে মিল্কভিটার চেয়ারম্যানের বাড়িতে তিনটি পেট্রোল বোমা ছোড়া হয়। এর মধ্যে দুটি বিস্ফোরিত হয়, অন্যটি বিস্ফোরিত হয়নি। এ ঘটনায় কেউ আহত হননি।

ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করে। পরে জড়িত থাকার অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পেট্রোল বোমা ছোড়ার কথা স্বীকার করেছেন বলে দাবি করেন পুলিশ সুপার।

তার ভাষ্য, হামলায় ব্যবহৃত মোটরসাইকেল এবং বোমা নিক্ষেপের ভিডিও ধারণে ব্যবহৃত মোবাইল ফোনটিও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আর কারা জড়িত, তা জানতে পুলিশ তদন্ত করছে।

বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা

এ ঘটনায় ১৯ নভেম্বর মিল্কভিটার চেয়ারম্যানের চাচা মোবারক ফকির ফকিরহাট থানায় মামলা করেন। মামলায় দুজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করা হয়। বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাটি করা হয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন