বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সীমান্ত অপরাধ ঠেকাতে বিশেষ টহল ও গোয়েন্দা নজরদারি

সিলেট সেক্টরের তিন ব্যাটালিয়নের অভিযানে অস্ত্র, গুলি, বিস্ফোরক ও মাদকদ্রব্য জব্দ; অবৈধ অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধে বাধা দেওয়া হয়েছে ১৬৩ জনকে

সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় অবৈধ অনুপ্রবেশ ঠেকানো ও সীমান্ত সুরক্ষায় টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দেশের উত্তর-পূর্বাঞ্চলের সীমান্ত সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সিলেট সেক্টরের অধীন তিনটি ব্যাটালিয়ন সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।

সীমান্তে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অবৈধ অনুপ্রবেশ ও আন্তসীমান্ত অপরাধ প্রতিরোধ এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি বদ্ধপরিকর। বিজিবি মহাপরিচালকের নির্দেশনায় সমন্বিত কার্যক্রমের মাধ্যমে সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে সুনামগঞ্জ বিজিবি-২৮ ব্যাটালিয়নের সদস্যরা সীমান্তবর্তী এলাকায় সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।

বৃহস্পতিবার বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

৯০ কিলোমিটার সীমান্তে নজরদারি

সুনামগঞ্জ বিজিবি-২৮ ব্যাটালিয়নের আওতাধীন ৯০ কিলোমিটার সীমান্তে ১৯টি বিওপির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করা হচ্ছে। অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার ও সীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত ও বিশেষ টহল, গোয়েন্দা নজরদারি এবং ঝুঁকিপূর্ণ এলাকায় অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে। পাশাপাশি রাতের টহল ও জনসচেতনতামূলক কার্যক্রমও জোরদার করা হয়েছে।

সীমান্ত নজরদারি আধুনিকায়নে গুরুত্বপূর্ণ স্থানে সৌরবিদ্যুৎচালিত সার্চলাইট ও সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে এসব সরঞ্জামের সংখ্যা বাড়ানো হচ্ছে।

এ ছাড়া নাইটভিশন ডিভাইস, থার্মাল ড্রোনসহ অত্যাধুনিক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। নদী, হাওর, পাহাড় ও দুর্গম এলাকাতেও বিভিন্ন নৌযান এবং এটিভির মাধ্যমে টহল পরিচালনা করা হচ্ছে।

চলতি বছরে ১৮০ কোটি টাকার বেশি চোরাচালানি পণ্য জব্দ

চলতি বছরে সিলেট সেক্টরের অধীন তিনটি ব্যাটালিয়নের বিশেষ টহল ও অভিযানে ৮১ জন আসামিসহ আটটি অস্ত্র, ৪৮ রাউন্ড গুলি, ১৮ কেজি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ১৮৯টি ডেটোনেটর ও ১১টি ফিউজ আটক করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্যও জব্দ করা হয়।

এ ছাড়া ১৮০ কোটি টাকার বেশি মূল্যের চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধে বাধা দেওয়া হয়েছে ১৬৩ জনকে।

বিজিবির নিয়মিত জনসচেতনতামূলক কার্যক্রমের ফলে সীমান্তবর্তী জনগণের মধ্যে সচেতনতা বেড়েছে। সীমান্ত নিরাপত্তা রক্ষা ও সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য দিতে স্থানীয় জনগণও বিজিবিকে সহযোগিতা করছেন।

অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয়

সীমান্ত নিরাপত্তা ও অপরাধ দমনে বিজিবি জেলা প্রশাসন, পুলিশ, গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় ও তথ্য আদান-প্রদানের মাধ্যমে কাজ করছে। এসব উদ্যোগ সুনামগঞ্জসহ সমগ্র সিলেট সীমান্তের নিরাপত্তা সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সুনামগঞ্জ-২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, সীমান্ত সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সুনামগঞ্জ ব্যাটালিয়নসহ সিলেট সেক্টরের অধীন তিনটি ব্যাটালিয়নের কার্যক্রম ভবিষ্যতেও সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন