বছরের শুরু থেকেই পড়াশোনা নিশ্চিত করতে আগাম বই বিতরণের উদ্যোগ; সাড়ে তিন লাখ শিক্ষার্থীকে বাইসাইকেল ও ৩০ হাজার কম্পিউটার দেওয়ার পরিকল্পনা
নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য আগামী ২৪ ডিসেম্বর নতুন বই বিতরণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম. এহসানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষার্থীরা যেন বছরের শুরু থেকেই পড়াশোনা করতে পারে, সে জন্য এবার আগাম বই বিতরণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে নাটোরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষা খাতে বরাদ্দ ও উপবৃত্তি বৃদ্ধি
শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে। আধুনিক ও যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা প্রসারে এআইভিত্তিক শিক্ষার পাশাপাশি অবকাঠামো উন্নয়নেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
এ লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে ২০ শতাংশ এবং মাধ্যমিক পর্যায়ে ৮০ শতাংশ উপবৃত্তি বৃদ্ধি করা হয়েছে বলেও জানান তিনি।
বাইসাইকেল ও কম্পিউটার বিতরণের পরিকল্পনা
শিক্ষামন্ত্রী আরও বলেন, আগামী শিক্ষাবর্ষ থেকে সাড়ে তিন লাখ শিক্ষার্থীকে বাইসাইকেল দেওয়া হবে। মেধাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীরা এসব বাইসাইকেল পাবে।
কম্পিউটারভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালুর লক্ষ্যে ৩০ হাজার কম্পিউটার বিতরণের পরিকল্পনা নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
ক্লাস বাদ দিয়ে মিছিল-মিটিংয়ে গেলে ব্যবস্থা
এ সময় শিক্ষকদের সতর্ক করে শিক্ষামন্ত্রী বলেন, যেসব শিক্ষক ক্লাস বাদ দিয়ে রাষ্ট্রদ্রোহী মিছিল-মিটিংয়ে যান, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে শিক্ষা মন্ত্রণালয়।
অনুষ্ঠানে এনএস সরকারি কলেজের অধ্যক্ষ শফিক নেওয়াজ তালুকদারের সভাপতিত্বে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আব্দুল খালেকসহ অন্যরা।

