বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

কোরআনের আদর্শে ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও সাম্প্রদায়িক বিদ্বেষ দূর করতে আলেমদের আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান; অতীতের ফ্যাসিবাদ ও অন্যায়ের পুনরাবৃত্তি রোধে ঐক্যবদ্ধ থাকার তাগিদ

পবিত্র কোরআনের শিক্ষা ও আদর্শ অনুসরণ করে ন্যায়ভিত্তিক, মানবিক, শান্তিপূর্ণ ও কল্যাণমুখী সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, আলেমরা মানুষকে সত্য, ন্যায় ও মানবতার পথ দেখান। সমাজে তাঁদের প্রভাব গভীর। দুর্নীতি, মাদক, সন্ত্রাস, সাম্প্রদায়িক হিংসা-বিদ্বেষ এবং নারী ও শিশু নির্যাতন দূর করতে তাঁরা আরও কার্যকর ভূমিকা রাখতে পারেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে কোরআনের নির্দেশনা অনুসরণের আহ্বান

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। এ দেশের মানুষের ধর্মীয় ও সামাজিক জীবনে পবিত্র কোরআনের প্রভাব অত্যন্ত গভীর। ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআনের মৌলিক নীতি ও সুস্পষ্ট দিকনির্দেশনা অনুসরণ করা প্রয়োজন।

তিনি বলেন, আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিরা তাঁদের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে চলেছেন এবং দেশের সুনাম বৃদ্ধি করছেন। এটি জাতীয় গৌরবের বিষয়।

বাংলাদেশের সমৃদ্ধ কোরআনিক ঐতিহ্যকে আরও এগিয়ে নিতে প্রাতিষ্ঠানিক উদ্যোগ গ্রহণ, আন্তর্জাতিক মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক পর্যায়ে কার্যকর অংশগ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

ধর্মীয় সম্প্রীতি ও সহাবস্থানের ওপর গুরুত্ব

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ। এ দেশের মানুষ যুগ যুগ ধরে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছে।

মহানবী হজরত মুহাম্মদ (সা.) অন্যান্য ধর্মাবলম্বীদের সমন্বয়ে যে সমাজব্যবস্থা, পারস্পরিক অধিকার ও শান্তিপূর্ণ সহাবস্থানের দৃষ্টান্ত স্থাপন করেছেন, জাতীয় জীবনেও শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় তা অনুসরণীয় বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, সেই দৃষ্টান্তকে পাথেয় করেই এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে ধর্মপ্রাণ মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করবেন, সব ধর্মের মানুষ নিরাপদ ও সম্মানজনক জীবনযাপন করবেন এবং ন্যায়বিচার, সাম্য, মানবিক মর্যাদা ও পারস্পরিক সৌহার্দ্য হবে রাষ্ট্র ও সমাজের ভিত্তি।

ধর্মীয় প্রতিষ্ঠান ও ধর্মীয় ব্যক্তিদের কল্যাণে সরকারের উদ্যোগ

এ দেশে ইসলামের প্রচার ও প্রসারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিভিন্ন অবদানের কথা উল্লেখ করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার পবিত্র ইসলাম, ইসলামি মূল্যবোধ ও ধর্মীয় আকিদার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠান এবং ধর্মীয় কাজে নিয়োজিত ব্যক্তিদের কল্যাণে কাজ করছে।

একই সঙ্গে সব ধর্মের মানুষের সহাবস্থান, স্বাধীনতা, নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করতেও সরকার কাজ করছে বলে উল্লেখ করেন তিনি।

তরুণদের নৈতিকতা, দেশপ্রেম ও মানবিকতায় উদ্বুদ্ধ করতে আলেমরা এগিয়ে আসবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রপতি।

বিভেদ ও প্রতিহিংসা সমাজকে দুর্বল করে

রাষ্ট্রপতি বলেন, বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধ দীর্ঘমেয়াদে সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে। অতীতের ফ্যাসিবাদ, দুর্নীতি ও অন্যায়ের পুনরাবৃত্তি রোধে সবাইকে ঐক্যবদ্ধ, সদা সতর্ক ও সজাগ থাকতে হবে। এ ক্ষেত্রে পবিত্র কোরআন ও রাসূলুল্লাহ (সা.)-এর সুমহান আদর্শ থেকে পাওয়া শিক্ষা আমাদের পাথেয়।

ক্বিরাতচর্চায় আন্তর্জাতিক ক্বিরাত সংস্থার ভূমিকার প্রশংসা

অনুষ্ঠানের আয়োজক আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, সংস্থাটি দীর্ঘদিন ধরে কোরআনের বিশুদ্ধ তিলাওয়াত ও ক্বিরাতচর্চার প্রসারে কাজ করে যাচ্ছে। আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্বকারী যোগ্য ক্বারী ও হাফেজ গড়ে তুলতেও সংস্থাটির ভূমিকা প্রশংসনীয়।

তিনি সংস্থাটির উত্তরোত্তর সফলতা কামনা করে বলেন, ভবিষ্যতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা আয়োজন, নিয়মিত প্রশিক্ষণ, প্রতিভা অন্বেষণ এবং ক্বারী ও হাফেজদের মানোন্নয়নে সংস্থাটি আরও ব্যাপক ভূমিকা পালন করবে।

আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা সম্মানিত ক্বারী ও অতিথিদের বাংলাদেশের পক্ষ থেকে শুভকামনা জানিয়ে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ২০২৬-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যাঁরা

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন। এ সময় আরও উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের হুইপ মিয়া নূর উদ্দিন আহমেদ অপু।

আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংস্থার নির্বাহী সভাপতি মাওলানা সালাহউদ্দিন জাহাঙ্গীর।

এ ছাড়া উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনের সভাপতি আল্লামা ক্বারী আবু রায়হান, আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের হাওয়ারিয়ান পরিষদের সভাপতি আনোয়ার আলদীন এবং সংস্থার আহ্বায়ক মাওলানা মোহাম্মদ ইউসুফ।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন