বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু পরিবর্তন নিয়েও কথা হয়েছে
প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ ও বিনিয়োগ বাড়ানোসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার রাতে তুরস্কের আনতালিয়ায় দুই নেতার দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু।
তিনি বলেন, বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার, প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, রোহিঙ্গা প্রত্যাবাসন, জ্বালানি ও খনিজ সম্পদ খাতে সহযোগিতা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া নবায়নযোগ্য জ্বালানি খাতে অংশীদারত্ব গড়ে তোলার বিষয়টিও গুরুত্ব পেয়েছে।
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আলোচনা
আনতালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের কথা তুলে ধরেন।
এ সময় তিনি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতার অগ্রগতির প্রশংসা করেন। একই সঙ্গে কপ-৩১ সম্মেলন সফলভাবে আয়োজনের জন্য তুরস্ককে অভিনন্দন জানান।
প্রতিরক্ষা ও বিনিয়োগে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব
উপ-প্রেস সচিব হাসান শিপলু বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর ও বহুমুখী করার ওপর গুরুত্বারোপ করেন।
প্রতিরক্ষা খাতে তুরস্কের সঙ্গে সহযোগিতা বিস্তৃত করার পাশাপাশি যৌথ বিনিয়োগের ওপরও জোর দেন প্রধানমন্ত্রী।
এ ছাড়া জ্বালানি নিরাপত্তা ও খনিজ সম্পদ খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়। নবায়নযোগ্য জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগের সুযোগ রয়েছে বলে বৈঠকে তুলে ধরেন তারেক রহমান।
জলবায়ু ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী।
এ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের অব্যাহত সমর্থন কামনা করেন তিনি। এ সংকট সমাধানে দেশটির ধারাবাহিক সহযোগিতার প্রশংসাও করেন।
রোহিঙ্গা মানবিক সংকটের বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) তুরস্কের অবিচল সংহতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তারেক রহমান। একই সঙ্গে রোহিঙ্গাদের জন্য মাঠপর্যায়ে মানবিক সহায়তা দেওয়ায় দেশটিকে ধন্যবাদ জানান।
প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘ এবং ইসলামি সহযোগিতা সংস্থায় (ওআইসি) তুরস্কের অব্যাহত সমর্থন ও সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ লক্ষ্যে আন্তর্জাতিক পরিসরে রোহিঙ্গাদের পক্ষে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

