বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

সৌদি-হুতি সংঘাতের মধ্যে মক্কা অঞ্চলে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

হুতি বিদ্রোহীদের হামলার অভিযোগ রিয়াদের; সৌদি-ইয়েমেন সংঘাতের উত্তেজনায় গুরুত্বপূর্ণ জলপথ বাব এল-মান্দেব নিয়েও উদ্বেগ

সৌদি আরবের বিমান প্রতিরক্ষা বাহিনী দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বাধা দিয়ে ধ্বংস করেছে। ক্ষেপণাস্ত্র দুটির ধ্বংসাবশেষ দেশটির মক্কা অঞ্চলে পড়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

সৌদি আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মধ্যে ক্রমবর্ধমান সংঘাতের মধ্যে বুধবার এ ঘটনা ঘটে।

সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের খবরে বলা হয়েছে, মক্কা শরিফ থেকে প্রায় ৩৫ কিলোমিটার উত্তর-পূর্বে সাবুহা গ্রামে এবং প্রায় ২১ কিলোমিটার পূর্বে ওয়াদি আল-মুগাম্মাস এলাকায় ক্ষেপণাস্ত্র দুটির ধ্বংসাবশেষ পড়ে।

সৌদি আরবের সিভিল ডিফেন্স এক বিবৃতিতে অভিযোগ করেছে, ক্ষেপণাস্ত্রগুলো মক্কা অঞ্চল লক্ষ্য করে ছোড়া হয়েছিল। তবে সেগুলো আকাশেই প্রতিহত করে ধ্বংস করা হয়।

হুতিদের বিরুদ্ধে সৌদির অভিযোগ

মুসলিমদের দুই পবিত্র শহর মক্কা ও মদিনায় ইয়েমেনের হুতিরা হামলার চেষ্টা চালিয়ে আসছে বলে অভিযোগ সৌদি আরবের। তবে হুতিরা বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের দাবি, সৌদি আরবের অন্যান্য অঞ্চলের সামরিক ও কৌশলগত স্থাপনাগুলোই তাদের হামলার মূল লক্ষ্য।

বৃহস্পতিবার ভোরে দেওয়া এক বিবৃতিতে সৌদি সিভিল ডিফেন্স বলেছে, ‘বেসামরিক স্থাপনায় এভাবে হামলা চালানো আন্তর্জাতিক মানবিক আইনের চরম লঙ্ঘন। এর মধ্য দিয়ে হুতি মিলিশিয়াদের বিপজ্জনক ও শত্রুতামূলক মনোভাবই প্রকাশ পেয়েছে।’

দীর্ঘদিনের সংঘাত আবারও তীব্র

ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা ২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানা দখল করে নেয়। এর পরিপ্রেক্ষিতে ২০১৫ সালে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সৌদি-সমর্থিত সরকারের পক্ষে সামরিক হস্তক্ষেপ করে রিয়াদ। তখন থেকেই দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা শুরু হয়।

পরবর্তী সময়ে জাতিসংঘের মধ্যস্থতায় ২০২২ সালে দুই পক্ষের মধ্যে হওয়া যুদ্ধবিরতি সংঘাত অনেকটাই কমিয়ে আনে। তবে চলতি বছর ইরান যুদ্ধের প্রভাবে ওই যুদ্ধবিরতি ভেঙে পড়ে এবং দুই পক্ষের মধ্যে আবারও পাল্টাপাল্টি হামলা শুরু হয়।

বাব এল-মান্দেব প্রণালি ঘিরে উদ্বেগ

সৌদি আরবের নেতৃত্বাধীন আরব জোট বাহিনী ইয়েমেনের হুতি অবস্থান ও স্থাপনাগুলোতে বিমান হামলা চালাচ্ছে। এর জবাবে হুতিরা সৌদি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে।

দুই পক্ষের এই উত্তেজনা লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযুক্তকারী গুরুত্বপূর্ণ নৌপথ বাব এল-মান্দেব প্রণালিকে ঝুঁকির মুখে ফেলেছে। আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ এ জলপথ ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন