বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

মধ্যপ্রাচ্যে তেলের উৎপাদন বাড়ায় বিশ্ববাজারে দাম কমছে

দুই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নামার পথে অপরিশোধিত জ্বালানি তেলের দর

মধ্যপ্রাচ্যে অপরিশোধিত জ্বালানি তেলের উৎপাদন বাড়ায় আন্তর্জাতিক বাজারে দাম কমতে শুরু করেছে। সরবরাহ বৃদ্ধির প্রভাবে তেলের দর গত দুই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ার পথে রয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৫৪ শতাংশ কমে ৯১ দশমিক ২২ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, ডিসেম্বরে সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম কমেছে ১ দশমিক ৫ শতাংশ। এতে প্রতি ব্যারেলের দাম দাঁড়িয়েছে ৮৫ দশমিক ২৬ ডলারে। এর আগের দিন বুধবার ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৪ শতাংশ বেড়েছিল।

সৌদি আরব ও ইরাকের উৎপাদন বৃদ্ধি

বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল রপ্তানিকারক সৌদি আরবের উৎপাদন বৃদ্ধি বাজারে সরবরাহ বাড়ার অন্যতম কারণ। দেশটি ওপেককে জানিয়েছে, অক্টোবরে তাদের তেল উৎপাদন আগের মাসের তুলনায় ২৬ শতাংশ বেড়েছে। কয়েক বছরের মধ্যে এটি দেশটির সর্বোচ্চ মাসিক উৎপাদনের অন্যতম।

একই সময়ে ইরাকও যুদ্ধকালীন সর্বোচ্চ তেল উৎপাদনের রেকর্ড করেছে। ফলে মধ্যপ্রাচ্য থেকে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ বাড়ছে।

বিকল্প পথে তেল রপ্তানি

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি এখন যুদ্ধ শুরুর আগের পর্যায়ের কাছাকাছি পৌঁছেছে। তবে নিরাপদ নৌপথ নিশ্চিত না করেই বিকল্প ব্যবস্থায় রপ্তানি বাড়িয়েছে দেশগুলো।

হরমুজ প্রণালি এড়িয়ে সৌদি আরব ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের মাধ্যমে লোহিত সাগর দিয়ে তেল পরিবহন করছে। পাশাপাশি জাহাজ থেকে জাহাজে তেল স্থানান্তরের ব্যবস্থাও রপ্তানি স্বাভাবিক রাখতে ভূমিকা রাখছে। যদিও ট্যাংকারে ইরানের হামলা অব্যাহত রয়েছে।

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অচলাবস্থা

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা তুলনামূলক কমলেও কূটনৈতিক অগ্রগতি খুব সামান্য। ইরানের পরমাণু কর্মসূচি, জব্দ করা সম্পদ এবং যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ নিয়ে দুই দেশের মধ্যে মতপার্থক্য রয়েছে।

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ি জানিয়েছেন, সমৃদ্ধ ইউরেনিয়ামসহ কোনো পারমাণবিক উপাদান দেশটি থেকে সরানো হবে না। অন্যদিকে, ওয়াশিংটন আলোচনার অন্যতম শর্ত হিসেবে এসব উপাদান সরানোর বিষয়টি তুলে ধরেছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন