শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

ইউরোপের মার্কিন ঘাঁটিতেও হামলার হুঁশিয়ারি ইরানের

ইরানে হামলায় কোনো মার্কিন ঘাঁটি ব্যবহার হলে সেটিকে লক্ষ্যবস্তু করা হবে: মোহসেন রেজায়ি

ইরানের বিরুদ্ধে হামলায় ব্যবহার করা হলে মধ্যপ্রাচ্যের বাইরেও, এমনকি ইউরোপে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতেও আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির নিরাপত্তা প্রধান মোহসেন রেজায়ি। তিনি বলেছেন, ইরানে বোমা হামলার জন্য কোনো মার্কিন সামরিক ঘাঁটি থেকে বিমান উড্ডয়ন করলে সেই ঘাঁটিও ইরানের হামলার লক্ষ্যবস্তু হবে।

মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি

তেহরান থেকে এএফপি জানায়, বুধবার প্রচারিত এক সাক্ষাৎকারে লেবাননভিত্তিক টেলিভিশন চ্যানেল আল মায়াদিনকে রেজায়ি বলেন, ‘ইরানে বোমা হামলার জন্য কোনো মার্কিন সামরিক ঘাঁটি থেকে, এমনকি কোনো ইউরোপীয় দেশে বা অন্য কোনো দূরবর্তী অঞ্চলে অবস্থিত ঘাঁটি থেকেও যদি মার্কিন বিমান উড্ডয়ন করে, তবে আমরা সেসব ঘাঁটিতেও আঘাত হানব।’

নতুন করে মার্কিন হামলা হলে ইরানের জবাব আরও দূরবর্তী মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হবে বলেও জানান তিনি। তাঁর ভাষায়, এমন স্থাপনাও হামলার আওতায় আসতে পারে, যেগুলোতে ইরান এখনো হামলা চালায়নি। তবে নির্দিষ্ট কোনো স্থাপনার নাম উল্লেখ করেননি তিনি।

রেজায়ি আরও বলেন, ‘আমরা এমনকি এমন কিছু দ্বীপেও আঘাত হানতে পারি, যেগুলো তারা আমাদের ক্ষেপণাস্ত্রের নাগালের বাইরে বলে মনে করে।’ তেহরানে তাঁর এ সাক্ষাৎকার নেওয়া হয়।

২৮ ফেব্রুয়ারি থেকে সংঘাত

গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়। এর জবাবে ইরান অঞ্চলজুড়ে বিভিন্ন দেশের ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। লেবানন, ইয়েমেন ও ইরাকে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোও সংঘাতে জড়িয়ে পড়ে।

যুদ্ধের অবসান ঘটাতে কাতার ও পাকিস্তানের নেতৃত্বে কূটনৈতিক প্রচেষ্টা চলছে। তবে সংঘাত শুরুর পর থেকে ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অবরোধ করে রেখেছে। প্রণালিটি আবার খুলে দেওয়ার বিনিময়ে তেহরান ওয়াশিংটনের কাছে কয়েকটি দাবি মেনে নেওয়ার শর্ত দিয়েছে। এর মধ্যে রয়েছে জব্দ করা সম্পদ অবমুক্ত করা ও নিষেধাজ্ঞা তুলে নেওয়া।

আলোচনায় নেই পরমাণু ইস্যু: রেজায়ি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধের পক্ষে যুক্তি হিসেবে বারবার ইরানের পরমাণু কর্মসূচির কথা উল্লেখ করেছে। তবে রেজায়ি বলেন, আলোচনায় বর্তমানে পরমাণু ইস্যু নেই। এ বিষয়ে তেহরান ইতোমধ্যে নিজেদের লালরেখা নির্ধারণ করেছে।

তিনি বলেন, ‘সমৃদ্ধ উপাদানের সামান্যতম অংশও ইরানের বাইরে পাঠানো হবে না।’

ইরানের পরমাণু কর্মসূচি এবং ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক উত্তেজনার কেন্দ্রে রয়েছে। পরমাণু বোমা তৈরির জন্য প্রয়োজনীয় সমৃদ্ধির মাত্রা প্রায় ৯০ শতাংশ।

নতুন হামলার প্রয়োজন নেই বলছে যুক্তরাষ্ট্র

মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ইরানে আবার হামলার প্রয়োজন নেই। তাঁর দাবি, দেশটির অর্থনীতিকে দুর্বল করার প্রচেষ্টা সফল হয়েছে।

সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির পরাজয়ের পর ওয়াশিংটনের পক্ষ থেকে নতুন করে হামলার হুমকি কমে এসেছে বলে মনে হচ্ছে। ইরান যুদ্ধের প্রতি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে জনসমর্থন কম থাকাও এর একটি কারণ হিসেবে দেখা হচ্ছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন