বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

ঢাকা ব্যাংকের বংশাল শাখায় অর্থ কেলেঙ্কারি, সাবেক ক্যাশ ইনচার্জের কারাদণ্ড

বংশাল শাখার অর্থ আত্মসাতের মামলায় তিন ধারায় সাজা; আত্মসাৎ করা অর্থ ফেরত দেওয়ার নির্দেশ, অপারেশন ম্যানেজার খালাস

ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ভল্ট থেকে ৩ কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক ক্যাশ ইনচার্জ মো. রিফাতুল হককে ২০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আত্মসাৎ করা সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়াসহ তাঁকে অতিরিক্ত চার লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার অপর আসামি ব্যাংকটির সাবেক অপারেশন ম্যানেজার এমরান আহমেদকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক মো. ইব্রাহিম মিয়া পৃথক তিনটি ধারায় এ রায় ঘোষণা করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী ফকির মো. জাহিদুল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিন ধারায় সাজা, মোট কারাদণ্ড ২০ বছর

রায়ে দণ্ডবিধির ৪০৯ ধারায় অপরাধজনক বিশ্বাসভঙ্গের দায়ে রিফাতুল হককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে আত্মসাৎ করা ৩ কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁকে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। জরিমানার সম্পূর্ণ অর্থ ঢাকা ব্যাংক লিমিটেডকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

এ ছাড়া দণ্ডবিধির ৪২০ ধারায় প্রতারণার দায়ে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় অপরাধমূলক অসদাচরণের দায়ে আরও পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ অর্থদণ্ড অনাদায়ে অতিরিক্ত এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বিচারক রায়ে উল্লেখ করেন, আসামির মূল কারাদণ্ড একটির পর একটি কার্যকর হবে। ফলে তাঁকে মোট ২০ বছর কারাভোগ করতে হবে। তবে তদন্ত ও বিচার চলাকালে তিনি ইতোমধ্যে যে সময় হাজতে ছিলেন, তা মোট সাজার মেয়াদ থেকে বাদ যাবে। রায় ঘোষণার পর সাজা পরোয়ানাসহ তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

অডিটে ধরা পড়ে ভল্টের অর্থের ঘাটতি

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৭ জুন ঢাকা ব্যাংকের প্রধান কার্যালয়ের অভ্যন্তরীণ নিরীক্ষা ও পরিদর্শন ইউনিটের একটি দল বংশাল শাখায় নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করে। এ সময় শাখার ভল্টে নগদ অর্থের হিসাবে ৩ কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকার ঘাটতি পাওয়া যায়।

এ বিষয়ে ক্যাশ ইনচার্জ রিফাতুল হককে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি ২০২০ সালের ২০ জুন থেকে ২০২১ সালের ১৬ জুন পর্যন্ত বিভিন্ন সময়ে অল্প অল্প করে ওই টাকা সরিয়ে আত্মসাতের কথা স্বীকার করেন বলে এজাহারে উল্লেখ করা হয়।

এজাহারে আরও বলা হয়, ভল্টে রাখা ১০০ টাকার নোটের বান্ডিলের দুই পাশে ৫০০ টাকার নোট এবং ৫০০ টাকার নোটের বান্ডিলের দুই পাশে এক হাজার টাকার নোট সাজিয়ে রাখা হতো। ফলে বাইরে থেকে বান্ডিলগুলো বেশি মূল্যমানের নোটের বলে মনে হতো। এভাবে ভল্টে প্রকৃত অর্থের ঘাটতি আড়াল করা হতো।

দুদকের মামলায় ১৬ জনের সাক্ষ্যগ্রহণ

এ ঘটনায় ব্যাংকের বংশাল শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আবু বকর সিদ্দিক বাদী হয়ে ২০২১ সালের ১৭ জুন রিফাতুল হক ও শাখার তৎকালীন এফভিপি এবং ম্যানেজার (অপারেশন) এমরান আহমেদের বিরুদ্ধে অভিযোগ করেন। ভল্টের চাবি ও অর্থ সংরক্ষণের দায়িত্বে থাকা এমরান আহমেদের বিরুদ্ধেও যোগসাজশের অভিযোগ আনা হয়।

পরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুমোদনক্রমে ২০২১ সালের ১৯ জুন রিফাতুল হক ও এমরান আহমেদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনে মামলাটি করা হয়।

২০২২ সালের ২০ সেপ্টেম্বর দুদকের সহকারী পরিচালক মো. হুমায়ুন কবির দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তী সময়ে ২০২৩ সালের ২২ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। বিচারকালে মামলাটিতে ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন