স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে জামায়াত আমিরের দাবি, কোনো এজেন্সির সঙ্গে যোগাযোগের অভিযোগ থাকলে প্রমাণ দিতে হবে
কোনো দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেই বলে মন্তব্য করেছেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জামায়াত একটি রাজনৈতিক দল; গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার কোনো প্রশ্নই ওঠে না।
বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনে ৩০০ বিধিতে দেওয়া স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর প্রতিক্রিয়ায় এসব কথা বলেন বিরোধীদলীয় নেতা।
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের ব্যাখ্যা চাইলেন
শফিকুর রহমান বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে ২৪-এ যেভাবে ঐক্য তৈরি হয়েছিল, সেই জাতীয় ঐক্যের মাধ্যমে আগামীর বাংলাদেশকে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেব।’ এ অনুভূতির জন্য তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান।
তবে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে ইঙ্গিতপূর্ণ কিছু কথা ছিল উল্লেখ করে তিনি বলেন, ‘সীমান্তের ওপার থেকে সুড়সুড়ি দেওয়া হচ্ছে’—এ বক্তব্যের সঙ্গে তিনি একমত। কিন্তু ভিনদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে একটি দলের বোঝাপড়া হয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী যে মন্তব্য করেছেন, সেই দলটি কোনটি, তা স্পষ্ট করা প্রয়োজন।
অভিযোগের প্রমাণ দাবি
জামায়াতকে ইঙ্গিত করা হয়ে থাকলে এর প্রমাণ উপস্থাপনের দাবি জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, ‘যদি তিনি জামায়াতকে ইঙ্গিত করে থাকেন, তাহলে তাকে অত্যন্ত স্পষ্টভাবে বলছি, এর প্রমাণ উপস্থাপন করুন।’
তিনি আরও বলেন, ‘এই ৩৫০ সদস্যের হাউজে আজ স্পষ্টভাবে বলছি, কোনো দেশের কোনো এজেন্সির সঙ্গে বসার কোনো ইতিহাস আমাদের নেই। আমরা কোনো এজেন্সির সঙ্গে বসব কেন? আমরা একটি রাজনৈতিক দল। আমরা বসব রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে, বন্ধুদের সঙ্গে—যদি কোনো জায়গায় বন্ধু থাকে। এজেন্সির সঙ্গে বসার তো কোনো প্রশ্নই ওঠে না।’

