কপ৩১ সম্মেলনে বাংলাদেশের আহ্বান; পানি ও খাদ্যনিরাপত্তায় আন্তর্জাতিক সহযোগিতা এবং অনুদানভিত্তিক অর্থায়ন বাড়ানোর তাগিদ
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে ঐক্যবদ্ধ উদ্যোগ ও কার্যকর আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা জরুরি বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
তিনি বলেছেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ায় বাংলাদেশের সুপেয় পানি, খাদ্যনিরাপত্তা, আবাসন ও অবকাঠামো মারাত্মক হুমকির মুখে পড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর পাশাপাশি জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
মঙ্গলবার (১০ নভেম্বর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কপ৩১ সম্মেলনে বাংলাদেশের আহ্বান
সোমবার (৯ নভেম্বর) বিকালে তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ৩১-এর উদ্বোধনী দিনে বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত এক উচ্চপর্যায়ের নীতিসংলাপে উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
‘লিভিং ওয়াটারস, শেয়ার্ড রাইটস: ক্লাইমেট রেজিলিয়েন্স থ্রু ন্যাচারাল রাইটস-লেড গভর্ন্যান্স’ শীর্ষক এ সংলাপের আয়োজন করে চেঞ্জ ইনিশিয়েটিভ। সুইজারল্যান্ড দূতাবাস ও ওয়াটারএইড বাংলাদেশ এতে সহযোগিতা করে।
সংলাপে প্রাকৃতিক অধিকারভিত্তিক পানি শাসনব্যবস্থা, আন্তঃসীমান্ত নদীর সুরক্ষা, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং স্থানীয় জনগোষ্ঠীর পানির ন্যায্য অধিকার নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পায়।
পরিবেশ প্রতিমন্ত্রী ও নেচার অ্যান্ড গভর্ন্যান্স পলিসি প্ল্যাটফর্মের (এনজিপিপি) আহ্বায়ক শেখ ফরিদুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত বিশেষ করে উন্নয়নশীল ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর মানুষের জীবন ও জীবিকাকে ক্রমাগত বিপন্ন করছে।
তিনি বলেন, নিরাপদ পানি ও খাদ্যনিরাপত্তার মতো মৌলিক চাহিদা আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় যথাযথ গুরুত্ব পাওয়া প্রয়োজন। জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর অভিন্ন স্বার্থ রক্ষায় সমন্বিত উদ্যোগ এবং আন্তর্জাতিক পর্যায়ে কার্যকর সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান তিনি।
আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনায় সহযোগিতার তাগিদ
সংলাপে বক্তারা বলেন, নদীর স্বাভাবিক প্রবাহ রাজনৈতিক সীমানার মধ্যে সীমাবদ্ধ নয়। তাই আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনায় নদীর প্রাকৃতিক বৈশিষ্ট্য, বাস্তুতন্ত্রের সুরক্ষা এবং সংশ্লিষ্ট জনগোষ্ঠীর অধিকারকে গুরুত্ব দিতে হবে।
পানি ব্যবস্থাপনায় বৈজ্ঞানিক তথ্য, প্রাকৃতিক অধিকার ও আন্তর্জাতিক সহযোগিতার সমন্বয়ে কার্যকর নীতি প্রণয়নের ওপরও তাঁরা জোর দেন।
সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চেঞ্জ ইনিশিয়েটিভের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এম. জাকির হোসেন খান। তিনি বৈশ্বিক পানি সংকট, নদীর স্বাভাবিক প্রবাহের পরিবর্তন এবং জলবায়ু অর্থায়নে বিদ্যমান বৈষম্যের চিত্র তুলে ধরেন।
তিনি জানান, বাংলাদেশের সঙ্গে ভারতের ৫৪টি অভিন্ন নদী রয়েছে। ১৯৯৬ সালের গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর ২০২৬ শেষ হচ্ছে। এ পরিস্থিতিতে আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনায় কার্যকর সহযোগিতা ও সমন্বিত নীতিগত উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।
জলবায়ু অর্থায়নে অনুদান বাড়ানোর আহ্বান
মূল প্রবন্ধে চেঞ্জ ইনিশিয়েটিভের গবেষণার তথ্য তুলে ধরে বলা হয়, ২০০২ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশ পানি সরবরাহ খাতে জলবায়ু অর্থায়নে প্রতি এক মার্কিন ডলার অনুদানের বিপরীতে ৭ দশমিক ৭৮ ডলার ঋণ পেয়েছে।
এ অবস্থায় জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক অর্থায়ন বাড়ানোর আহ্বান জানানো হয়।
সংলাপে বাংলাদেশের সংসদ সদস্য ও এনজিপিপির কোর সদস্য মনসুরা আক্তার বলেন, সাধারণ মানুষের কাছে জলবায়ু পরিবর্তনের প্রভাব মূলত নিরাপদ পানির সংকট, কৃষিকাজে পানির অভাব এবং বন্যার ক্ষয়ক্ষতির মাধ্যমে প্রতিফলিত হয়। মানুষের পানির অধিকার নিশ্চিত করতে কার্যকর ও দীর্ঘমেয়াদি নীতিগত পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।
আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতামত
তুরস্কের কৃষি ও বন মন্ত্রণালয়ের পানি ব্যবস্থাপনা অধিদপ্তরের পানীয় পানি বিভাগের প্রধান ড. মুস্তাফা বার্ক দুয়গু পানিসম্পদের টেকসই ব্যবস্থাপনায় অভিন্ন নদী অববাহিকাভুক্ত দেশগুলোর মধ্যে সহযোগিতা ও কারিগরি অভিজ্ঞতা বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন।
ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডসের অভিযোজন ও সহনশীলতা বিভাগের প্রধান চিতেম্বো কাওয়িম্বে চুঙ্গা স্থানীয় জনগোষ্ঠীর নেতৃত্বে জলবায়ু অভিযোজন কার্যক্রম বাস্তবায়ন এবং অর্থায়নের কার্যকারিতা বাড়ানোর ওপর জোর দেন।
ইন্টারন্যাশনাল ওয়াটার ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের নেপাল প্রতিনিধি ড. মনোহরা খাড়কা জলবায়ু অর্থায়নে ন্যায়বিচার নিশ্চিত করা এবং গবেষণালব্ধ তথ্য নীতিনির্ধারণ ও বিনিয়োগ পরিকল্পনায় কাজে লাগানোর আহ্বান জানান।
ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের জ্যেষ্ঠ গবেষক সেজাল প্যাটেল নদী, জলাভূমি ও ভূগর্ভস্থ পানিসম্পদ সুরক্ষায় দীর্ঘমেয়াদি বিনিয়োগ এবং স্থানীয় জনগোষ্ঠীর জন্য অনুদানভিত্তিক অর্থায়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাসের জ্যেষ্ঠ কর্মসূচি ব্যবস্থাপক শিরিন সুলতানা লিরা স্থানীয় সরকার ও জনগোষ্ঠীর যৌথ অংশগ্রহণে টেকসই পানি ব্যবস্থাপনার অভিজ্ঞতা তুলে ধরেন।
সংলাপে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন ও পানি ব্যবস্থাপনা বিশেষজ্ঞ, উন্নয়ন সহযোগী এবং বাংলাদেশ ও চিলির আদিবাসী জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেন।

