বুধবার, ১১ নভেম্বর ২০২৬

নৈতিকতা ও মানবিক মূল্যবোধে আলোকিত মানুষ হওয়ার আহ্বান: ইউজিসি চেয়ারম্যান

নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধ সমুন্নত রেখে কর্মজীবনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। তিনি বলেন, শিক্ষার প্রকৃত উদ্দেশ্য কেবল কর্মসংস্থান কিংবা অর্থনৈতিক সাফল্য অর্জন নয়; বরং নৈতিকতা ও মানবিকতায় আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠা।

শিক্ষাজীবনের সাফল্যের পেছনে অবদান রাখা প্রতিটি মানুষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ এবং কর্মজীবনে নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধ সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

তিনি বলেন, শিক্ষার প্রকৃত উদ্দেশ্য কেবল কর্মসংস্থান কিংবা অর্থনৈতিক সাফল্য অর্জন নয়; বরং নৈতিকতা, মানবিকতা ও মূল্যবোধে আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠা। প্রকৃত সাফল্য শুধু ব্যক্তিগত অর্জনে নয়, সেই অর্জন দেশ, সমাজ ও মানুষের কল্যাণে কতটা কাজে লাগছে, তার মধ্যেই নিহিত।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর ২৭তম সমাবর্তন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অনুষ্ঠানে বক্তব্য দেন আইইউবির উপাচার্য অধ্যাপক ড. ম. তামিম এবং বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দিদার এ হোসেইন। সমাবর্তন বক্তা ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত।

সাফল্যের পেছনে সবার অবদান স্মরণ করতে হবে

নবীন স্নাতকদের উদ্দেশে ইউজিসি চেয়ারম্যান বলেন, আজকের অর্জন শুধু তাদের ব্যক্তিগত অধ্যবসায় ও নিষ্ঠার ফল নয়; এর পেছনে পরিবার, শিক্ষক ও সমাজের সর্বস্তরের মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ অবদান রয়েছে।

রিকশাচালক থেকে শুরু করে প্রবেশপথের নিরাপত্তাকর্মী পর্যন্ত যাদের সহযোগিতায় শিক্ষার পথচলা সহজ হয়েছে, জীবনের প্রতিটি পর্যায়ে তাদের অবদান স্মরণ করতে হবে বলে জানান তিনি।

নৈতিকতা ও মানবিক মূল্যবোধের গুরুত্ব

অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, নৈতিক মূল্যবোধহীন শিক্ষা দক্ষতা দিতে পারলেও মানবকল্যাণে তার সঠিক দিকনির্দেশনা দিতে পারে না।

তাই বস্তুগত অর্জনের পাশাপাশি চরিত্র, প্রজ্ঞা ও মানবিক গুণাবলির বিকাশ ঘটানো অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেন তিনি।

ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে তরুণদের ভূমিকা

দেশের অর্থনৈতিক ও সামাজিক দূরদৃষ্টি তুলে ধরে ইউজিসি চেয়ারম্যান বলেন, দেশের লক্ষ্য হচ্ছে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলা এবং এক কোটি উচ্চমূল্যের কর্মসংস্থান সৃষ্টি করা।

এই অর্জনে তরুণদের মেধা, সততা ও পরিশ্রম মুখ্য ভূমিকা পালন করবে বলে জানান তিনি।

উচ্চশিক্ষায় ব্যবহারিক দক্ষতা ও গবেষণায় গুরুত্ব

উচ্চশিক্ষার মানোন্নয়ন প্রসঙ্গে ইউজিসি চেয়ারম্যান ব্যবহারিক দক্ষতা, যোগাযোগ, নেতৃত্ব, সৃজনশীলতা ও সমস্যা সমাধানের সক্ষমতা অর্জনের ওপর গুরুত্ব আরোপ করেন।

তিনি শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি, গবেষণার সুযোগ সম্প্রসারণ এবং সুশাসন নিশ্চিত করার আহ্বান জানান।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন