বুধবার, ১১ নভেম্বর ২০২৬

রোহিঙ্গা সংকট নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের বিশেষ দূতের বৈঠক

নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী; মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ বাড়ানোর আহ্বান

বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১৫ লাখ রোহিঙ্গা দেশের অর্থনীতির জন্য বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছায় ও সম্মানজনক প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা চেয়েছেন তিনি।

বুধবার (১১ নভেম্বর) সচিবালয়ে মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত (র‍্যাপোর্টিয়ার) কেলি ই. কারির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী এ সহযোগিতা কামনা করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “দাপ্তরিক নথিপত্রে রোহিঙ্গা সংখ্যা কম দেখানো হলেও বাস্তবে বাংলাদেশে প্রায় ১৫ লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছে। দীর্ঘদিন ধরে এ বিপুল জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়া বাংলাদেশের অর্থনীতির জন্য এক বিরাট বোঝা হয়ে দাঁড়িয়েছে। সব আন্তর্জাতিক প্রচেষ্টার মূল লক্ষ্য হওয়া উচিত রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছায় ও সম্মানজনক প্রত্যাবাসন নিশ্চিত করা।”

আন্তর্জাতিক বিচার আদালতে আগামী ১৯ নভেম্বর মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা-সংক্রান্ত মামলার রায় ঘোষণার পর আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

রোহিঙ্গাদের নাগরিকত্ব ও অধিকার নিশ্চিতের তাগিদ

বৈঠকে কেলি ই. কারি দীর্ঘদিন ধরে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মানবিক আশ্রয় ও সেবা দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করেন। রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের চিত্র তুলে ধরে তিনি বলেন, “জাতিসংঘ ও এর আন্তর্জাতিক সহযোগীরা প্রত্যাবাসনের উপযুক্ত পরিবেশ তৈরির পাশাপাশি রোহিঙ্গাদের নিজ দেশে নাগরিকত্ব ও মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।”

ক্যাম্প এলাকায় অপরাধ দমনে সহযোগিতা

মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে রোহিঙ্গা ক্যাম্প-সংলগ্ন এলাকায় মাদক, অস্ত্র পাচার ও সাইবার অপরাধ দমনে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সক্ষমতা বাড়ানোর বিষয়ে ইতিবাচক আলোচনা হয়। এ জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তিগত সহায়তা দেওয়ার বিষয়টিও আলোচনায় আসে।

এ ছাড়া চীন, ভারত, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ প্রভাবশালী দেশগুলোর সমন্বিত উদ্যোগের মাধ্যমে মিয়ানমার সরকারের ওপর কূটনৈতিক চাপ সৃষ্টির তাগিদ দেয় বাংলাদেশ।

সাক্ষাৎকালে জাতিসংঘের বিশেষ দূতের সফরসঙ্গী থমাস হুনেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব জিয়াউদ্দিন আহমেদ এবং রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান উপস্থিত ছিলেন।

ব্রিটিশ পার্লামেন্টের প্রতিনিধি দলের সঙ্গেও বৈঠক

এদিকে একই দিন সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছে ব্রিটিশ পার্লামেন্টের অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপ অন রোহিঙ্গার একটি প্রতিনিধি দল। ব্রিটিশ এমপি ইমরান হুসাইন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন কাউন্সিলর হাসান উজ্জামান খান, পার্লামেন্টারি গবেষক মোহাম্মদ তাহমিদ মারযূক মোরশেদ এবং হেড অব ফান্ডরেইজিং অর্ফানস ইন নিড আলতাফ হুসাইন।

বৈঠকে রোহিঙ্গা সংকট নিরসন, তাঁদের সম্মানের সঙ্গে নিজ দেশে প্রত্যাবাসন এবং রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক বিচার আদালতে চলমান আইনি প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন