বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

বরিশালে ইজিবাইক থেকে শক্তিশালী বোমা উদ্ধার, চালক গ্রেপ্তার

আগৈলঝাড়ায় উদ্ধার করা বোমাটি নিষ্ক্রিয় করেছে ছয় সদস্যের দল; পুলিশ বাদী হয়ে মামলা করেছে, আসামি ৩০ থেকে ৪০ জন অজ্ঞাতনামাও

বরিশালের আগৈলঝাড়ায় ইজিবাইক থেকে শক্তিশালী বোমা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ইজিবাইকচালক কাওছার খলিফাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) দুপুরে উদ্ধার করা বোমাটি নিষ্ক্রিয় করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনকে আসামি করে মামলা করেছে।

পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার সেরাল গ্রাম থেকে ইজিবাইকে করে একটি শক্তিশালী বোমা নিয়ে তালেরবাজারের দিকে যাচ্ছিলেন চালক কাওছার খলিফা।

এ সময় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হামিদুল ইসলাম মহিদুল মোল্লা ইজিবাইকের ভেতরে একটি ব্যাগ দেখতে পেয়ে সন্দেহ করেন। তিনি চালক কাওছার খলিফার গাড়ির গতিরোধের চেষ্টা করলে কাওছার গাড়ি না থামিয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করেন।

পরে উপজেলার পশ্চিম সুজনকাঠী এলাকায় ইজিবাইকটির পথরোধ করে ব্যাগের ভেতরে একটি বোমা দেখতে পান তারা। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইজিবাইকচালক কাওছার খলিফাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, বুধবার দুপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় এসআরবির বোমা নিষ্ক্রিয়কারী ছয় সদস্যের একটি দল ঢাকা থেকে ঘটনাস্থলে আসে। দলটি পশ্চিম সুজনকাঠী এলাকা থেকে বোমাটি উদ্ধার করে বাইপাস সড়কের পাশের স্টেডিয়ামের বালুর মাঠে নিয়ে নিষ্ক্রিয় করে।

এ ঘটনায় বুধবার সকালে আগৈলঝাড়া থানার উপপরিদর্শক (এসআই) আলামিন বাদী হয়ে মামলা করেন। মামলায় ইজিবাইকচালক কাওছার খলিফাসহ তিনজনের নাম উল্লেখ করা হয়েছে। কাওছার উপজেলার দক্ষিণ শিহিপাশা গ্রামের শাহজাহান খলিফার ছেলে। এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।

মামলার আসামি কাওছারকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, স্থানীয়রা এক ইজিবাইকচালককে বোমাসহ আটক করে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। বুধবার দুপুরে এসআরবির সদস্যরা বোমাটি নিষ্ক্রিয় করেছেন। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন