নির্মাণাধীন সেতু থেকে নামার সময় বালুর ওপর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খুঁটিতে ধাক্কা দেয় মোটরসাইকেলটি; ঘটনাস্থলের কাছের হাসপাতালে দুজন ও নোয়াখালী জেনারেল হাসপাতালে একজনের মৃত্যু
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কায় তিন কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার চর হাসান-ভূঁইয়ারহাট সড়কের বড় ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো পূর্ব চরবাটা ইউনিয়নের আবু তাহেরের ছেলে শাহাদাত হোসেন, মো. কামাল উদ্দিনের ছেলে আব্দুল করিম (১৭) ও জসিম উদ্দিনের ছেলে ওমর ফারুক (১৮)। তাদের মধ্যে আব্দুল করিম পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
যেভাবে দুর্ঘটনা
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে কাঞ্চন বাজার থেকে ভূঁইয়ারহাট বাজারে যাচ্ছিল। পথে একটি নির্মাণাধীন সেতু থেকে নামার সময় সড়কে ছড়িয়ে থাকা বালুর ওপর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। একপর্যায়ে মোটরসাইকেলটি সড়কের পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এতে তিন আরোহীই আহত হয়।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক আব্দুল করিম ও শাহাদাত হোসেনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ওমর ফারুককে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসকও তাকে মৃত ঘোষণা করেন।
আইনগত ব্যবস্থা নেওয়ার কথা পুলিশের
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

