শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

পাবনা-ঢাকা রুটে নতুন দুই ট্রেন, প্রথম দিনে মিলছে তিন দিনের টিকিট

২০, ২১ ও ২২ নভেম্বরের যাত্রার টিকিট মিলছে অনলাইনে, ভাড়া ৪৪৫ টাকা

পাবনা-ঢাকা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেসের’ টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়। প্রথম দিনে ২০, ২১ ও ২২ নভেম্বরের যাত্রার টিকিট পাওয়া যাচ্ছে।

পাবনা থেকে ঢাকা রুটে ট্রেনের মূল ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪২৫ টাকা। এর সঙ্গে অনলাইন টিকিট বিক্রির প্ল্যাটফর্ম সহজের সার্ভিস চার্জ ২০ টাকা যোগ হয়ে মোট ভাড়া দাঁড়িয়েছে ৪৪৫ টাকা।

যাত্রার ১০ দিন আগে মিলবে টিকিট

বুধবার (১১ নভেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী এক বিজ্ঞপ্তিতে জানান, ১২ নভেম্বর সকাল ৮টা থেকে ২০, ২১ ও ২২ নভেম্বরের যাত্রার টিকিট পাওয়া যাবে। পরবর্তী সময়ে প্রতিটি যাত্রার টিকিট নির্ধারিত যাত্রার ১০ দিন আগে অনলাইনে পাওয়া যাবে।

১৯ নভেম্বর উদ্বোধন

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৯ নভেম্বর পাবনা-ঢাকা রুটে নতুন এই দুই আন্তঃনগর ট্রেনের উদ্বোধন হবে। ওই দিন বিকেল সাড়ে ৪টায় ‘পাবনা উদ্বোধনী এক্সপ্রেস’ নামে একটি বিশেষ ট্রেন পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।

উদ্বোধনী ও বিশেষ যাত্রার টিকিট পাবনা ও ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের কাউন্টার থেকে কম্পিউটারাইজড পদ্ধতিতে সংগ্রহ করতে হবে। ওই দিন বিশেষ ট্রেনটি পাবনা ও ঢাকার মধ্যবর্তী শুধু ঈশ্বরদী স্টেশনে যাত্রাবিরতি করবে।

২০ নভেম্বর থেকে নিয়মিত চলাচল

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ নভেম্বর থেকে বাণিজ্যিকভাবে ট্রেন দুটি চলাচল শুরু করবে। ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ ঢাকা থেকে পাবনার উদ্দেশে বিকেল ৩টা ২৫ মিনিটে ছেড়ে যাবে। অন্যদিকে, ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ পাবনা থেকে ঢাকার উদ্দেশে সকাল ৮টায় যাত্রা শুরু করবে।

নিয়মিত চলাচলের সময় ঢাকা-পাবনা-ঢাকা রুটে ট্রেন দুটি মধ্যবর্তী ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন