মহেন্দ্রনগরের খালটি তিস্তা নদীতে মিলবে; খালের পাড়ে বৃক্ষরোপণ, মাছ-হাঁস চাষ ও দরিদ্রদের কর্মসংস্থানের পরিকল্পনা
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৯ নভেম্বর লালমনিরহাটের সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নে ১৫ কিলোমিটার দীর্ঘ মডেল খাল খননকাজের উদ্বোধন করবেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
তিনি বলেন, দেশের পরিত্যক্ত খাল পুনঃখননের মাধ্যমে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়ন এবং স্থানীয় মানুষের কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে মহেন্দ্রনগর ইউনিয়নে ১৫ কিলোমিটার দীর্ঘ এ মডেল খাল খনন করা হচ্ছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের লালমনিরহাট সফর উপলক্ষে মহেন্দ্রনগর ইউনিয়নের মডেল খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।
আট জেলায় ৩০টি মডেল খাল চিহ্নিত
আসাদুল হাবিব দুলু বলেন, নির্বাচনী ইশতেহারে জনগণের ম্যান্ডেট পেলে দেশের পরিত্যক্ত খালগুলো পুনঃখননের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই প্রতিশ্রুতির আলোকে গত বছর থেকে খাল খনন কর্মসূচি জোরদার করা হয়েছে। চলতি বছর দেশের আটটি জেলায় ৩০টি মডেল খাল চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে মহেন্দ্রনগরের খালটি অন্যতম।
তিনি বলেন, মডেল খালটি শুধু পানি নিষ্কাশনের কাজে ব্যবহৃত হবে না, বরং বহুমুখী অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। খালের পাড়ে বৃক্ষরোপণ, মাছ ও হাঁস চাষ এবং গবাদিপশুর জন্য ঘাস উৎপাদনের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে স্থানীয় মানুষের কর্মসংস্থান ও আয়ের সুযোগ সৃষ্টি হবে।
২০ সদস্যের সমবায় সমিতি গঠনের পরিকল্পনা
মন্ত্রী জানান, খালের রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার জন্য হতদরিদ্রদের নিয়ে ২০ সদস্যের একটি সমবায় সমিতি গঠন করা হবে। সমিতির সদস্যরা খালে মাছ ও হাঁস চাষ, বৃক্ষরোপণসহ বিভিন্ন কার্যক্রমের দেখভাল করবেন। এতে খালের সুরক্ষার পাশাপাশি দরিদ্র মানুষের কর্মসংস্থানও সৃষ্টি হবে।
তিনি আরও জানান, মহেন্দ্রনগর থেকে শুরু হওয়া প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ খালটি তিস্তা নদীতে গিয়ে মিলবে।
প্রধানমন্ত্রীর সফরে থাকছে আরও কর্মসূচি
প্রধানমন্ত্রীর সফরসূচি সম্পর্কে আসাদুল হাবিব দুলু বলেন, খাল খনন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী লালমনিরহাটের এভিয়েশন বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবেন। এ ছাড়া ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক সংগঠনের একটি অনুষ্ঠানে যোগ দেবেন।
সংগঠনটির কার্যক্রম তুলে ধরে মন্ত্রী বলেন, গ্রাম, ওয়ার্ড, থানা, উপজেলা ও জেলা পর্যায়ে এর কর্মীরা বাল্যবিবাহ, শিশু নির্যাতন, যৌতুক, মাদক, অনলাইন জুয়া ও নারীদের উত্ত্যক্তকরণসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে কাজ করছেন। পাশাপাশি জনসচেতনতা সৃষ্টি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করছেন।
তিনি বলেন, সামাজিক সম্পৃক্ততা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে একটি এলাকার মানুষ কীভাবে অপরাধ থেকে বেরিয়ে এসে অপরাধমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখতে পারে, প্রধানমন্ত্রী সেই কার্যক্রম সরেজমিনে দেখতেই আসবেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, পৌর বিএনপির আহ্বায়ক আফজাল হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজু পাটোয়ারীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

