শিক্ষা, স্বাস্থ্যসেবা ও শিশুদের পরিচর্যার পরিবেশ উন্নয়নে সিএসআর তহবিল থেকে এ অর্থ দেওয়া হয়েছে
বাংলাদেশ পুলিশের তিনটি প্রতিষ্ঠানের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও শিশুদের নিরাপদ পরিচর্যার পরিবেশ উন্নয়নে মোট ১ কোটি ৩০ লাখ টাকা অনুদান দিয়েছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।
বুধবার (১১ নভেম্বর) ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে এ বিশেষ আর্থিক সহায়তা দেওয়া হয়।
কোন প্রতিষ্ঠানে কত অনুদান
অনুদানের আওতায় ঢাকার উত্তরা এলাকায় অবস্থিত এপিবিএন স্কুলের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়নে ২০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া এপিবিএন ডে-কেয়ার সেন্টারের অবকাঠামোগত উন্নয়নে ১০ লাখ টাকা এবং এপিবিএন মেডিকেল সেন্টারের স্বাস্থ্যসেবা কার্যক্রমের উন্নয়ন ও সম্প্রসারণে ১ কোটি টাকা দেওয়া হয়েছে।
ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়েছে, এ উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠান তিনটির সেবার মানোন্নয়নের পাশাপাশি সংশ্লিষ্টদের জন্য আরও উন্নত ও সহায়ক পরিবেশ তৈরিতে ভূমিকা রাখা সম্ভব হবে।
অনুষ্ঠানে চেক হস্তান্তর
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান ও বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, বিপিএম এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন সংশ্লিষ্ট তিনটি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেন। এ সময় বাংলাদেশ পুলিশ ও কমিউনিটি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মানবিক কল্যাণে ব্যাংকের অঙ্গীকার
ব্যাংকটির মতে, এ উদ্যোগ শুধু আর্থিক সহায়তা প্রদানের মধ্যে সীমাবদ্ধ নয়; শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মানবিক কল্যাণের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে দায়িত্বশীল ভূমিকা রাখারও একটি দৃষ্টান্ত। একটি প্রতিষ্ঠানের প্রকৃত সাফল্য কেবল আর্থিক প্রবৃদ্ধি বা ব্যবসায়িক অর্জনে সীমাবদ্ধ থাকে না; মানুষের কল্যাণে অবদান রাখা, সামাজিক প্রয়োজনকে গুরুত্ব দেওয়া এবং ইতিবাচক পরিবর্তনের অংশীদার হওয়ার মধ্য দিয়েই প্রাতিষ্ঠানিক মূল্যবোধ ও দায়বদ্ধতা অর্থবহ হয়ে ওঠে।
‘ট্রাস্ট, সিকিউরিটি ও প্রোগ্রেস’—এই মূল দর্শন ধারণ করে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্যসেবা, মানবিক কল্যাণ ও টেকসই সামাজিক উন্নয়নে কার্যকর উদ্যোগের মাধ্যমে সমাজের অগ্রযাত্রায় ইতিবাচক অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে।

