অপতথ্য ছড়ানোরও সুযোগ দেওয়া হবে না; ডিজিটাল যুগে মতপ্রকাশের স্বাধীনতা ও মানবিক মর্যাদা রক্ষার আহ্বান কায়সার কামালের
নিরাপত্তার নামে বাকস্বাধীনতা দমন করা হবে না, আবার কারও মর্যাদাহানির উদ্দেশ্যে বাকস্বাধীনতার ছদ্মবেশে অপতথ্য ছড়াতেও দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
বৃহস্পতিবার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) নিরাপত্তা ও কৌশলগত অধ্যয়ন অনুষদ আয়োজিত ‘ডিজিটাল যুগে নিরাপত্তা ও মানবাধিকারের প্রতি চ্যালেঞ্জ: বাংলাদেশ প্রেক্ষাপটে ভুল তথ্য ও অপতথ্য মোকাবিলা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহারের পুনরাবৃত্তি নয়
কায়সার কামাল বলেন, এক দশকেরও বেশি সময় ধরে পূর্ববর্তী সরকার আইসিটি আইন, ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ) এবং সাইবার নিরাপত্তা আইনের মতো কঠোর আইনকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছিল। গুজব বন্ধ করার অজুহাতে এসব আইন শিক্ষার্থীদের কারারুদ্ধ করা, সাংবাদিকদের মুখ বন্ধ করা এবং ভিন্নমত দমনে প্রয়োগ করা হয়েছিল বলে মন্তব্য করেন তিনি।
ডেপুটি স্পিকার বলেন, সেই অন্ধকার ইতিহাসের পুনরাবৃত্তি যাতে আর না ঘটে, সে জন্য বর্তমান সরকার দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ।
ডিজিটাল কনটেন্ট শেয়ারের আগে যাচাইয়ের আহ্বান
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তরুণদের কেবল ডিজিটাল কনটেন্টের ভোক্তা হয়ে থাকলে চলবে না। দায়িত্বশীলতা ও বিচারবুদ্ধিসম্পন্ন চিন্তার মাধ্যমে তাদের সত্যের দূত হয়ে উঠতে হবে। ডিজিটাল জনপ্রিয়তার চেয়ে মানবিক মর্যাদাকে বেশি গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, ডিজিটাল সাক্ষরতার অগ্রযাত্রায় তরুণদের নেতৃত্ব দিতে হবে। কোনো চাঞ্চল্যকর পোস্ট শেয়ার করার আগে বা ক্ষোভ সৃষ্টিকারী ভিডিওতে প্রতিক্রিয়া জানানোর আগে থামতে হবে, উৎস যাচাই করতে হবে এবং এর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলতে হবে। যারা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়, তাদের হাতিয়ার হওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
জুলাই গণঅভ্যুত্থানে তরুণদের ভূমিকার প্রশংসা
বিইউপির সাবেক শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কায়সার কামাল বলেন, শিক্ষার্থীদের দিকে তাকালে তিনি কেবল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়, বরং জুলাই বিপ্লবের অগ্রপথিকদের দেখতে পান।
তিনি বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে শিক্ষার্থীরা ১৫ বছরের স্বৈরাচারী শাসনের মুখোমুখি দাঁড়িয়েছিল। ক্ষমতাচ্যুত সরকার নৃশংসতা আড়াল করতে ইন্টারনেট ব্যবস্থা বিচ্ছিন্ন করে দিলেও শিক্ষার্থীরা সত্যকে বাঁচিয়ে রেখেছিল বলে মন্তব্য করেন তিনি।
ডেপুটি স্পিকার বলেন, শিক্ষার্থীরা প্রমাণ করেছে, কোনো স্বৈরশাসকই সচেতন ও নির্ভীক প্রজন্মকে চিরতরে স্তব্ধ করে রাখতে পারে না। তাঁর ভাষায়, তরুণ প্রজন্মই ভোটাধিকার পুনরুদ্ধার করেছে এবং গণতন্ত্র উপহার দিয়েছে।
ভুল তথ্য ও অপতথ্য নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ
ডেপুটি স্পিকার বলেন, মুক্ত ও গণতান্ত্রিক বাংলাদেশে নিরাপত্তা ও মানবিক মর্যাদার জন্য ভুল তথ্য এবং উদ্দেশ্যপ্রণোদিত অপতথ্যের সুপরিকল্পিত ব্যবহার নতুন ও গভীর হুমকি হয়ে উঠেছে।
তিনি বলেন, একটি মাত্র ক্লিক লাখ লাখ মানুষকে সংযুক্ত করতে পারে। আবার একটি মিথ্যা বার্তা আতঙ্ক, ঘৃণা, বিভ্রান্তি এমনকি সহিংসতারও জন্ম দিতে পারে। ডিজিটাল প্রযুক্তি শিক্ষা, স্বাস্থ্যসেবা, আর্থিক পরিষেবা, জনতথ্য ও অর্থনৈতিক সুযোগের পরিধি বাড়িয়ে সমাজব্যবস্থায় বড় পরিবর্তন এনেছে।
তবে এসব সুযোগের পাশাপাশি প্রযুক্তি গুরুতর চ্যালেঞ্জও তৈরি করেছে উল্লেখ করে তিনি বলেন, ভুল তথ্য, উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা তথ্য, অনলাইন হয়রানি, পরিচয় চুরি, সাইবার অপরাধ, বিদ্বেষমূলক বক্তব্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার সমাজ, ব্যক্তিগত নিরাপত্তা ও মানবিক মর্যাদার জন্য ক্রমবর্ধমান হুমকি।
ভুল তথ্য ও অপতথ্যের মধ্যে পার্থক্য থাকলেও উভয়ই ব্যক্তি, সম্প্রদায় ও রাষ্ট্রের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে বলে মন্তব্য করেন তিনি। বাংলাদেশের প্রেক্ষাপটে এ চ্যালেঞ্জগুলো বিশেষ মনোযোগের দাবি রাখে বলেও উল্লেখ করেন ডেপুটি স্পিকার।
ডিজিটাল সাক্ষরতা ও প্রাতিষ্ঠানিক সমন্বয়ের তাগিদ
সংবিধানে প্রদত্ত মতপ্রকাশের স্বাধীনতা, মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রেখে ডিজিটাল চ্যালেঞ্জ মোকাবিলার ওপর গুরুত্ব দেন কায়সার কামাল।
তিনি বলেন, সমাজে সমালোচনামূলক চিন্তাভাবনার সংস্কৃতি গড়ে তুলতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও স্কুলের পাঠ্যক্রমে ডিজিটাল সাক্ষরতা, তথ্য যাচাই এবং দায়িত্বশীল অনলাইন আচরণের বিষয়গুলো অন্তর্ভুক্ত করা প্রয়োজন।
গণমাধ্যমের উদ্দেশে তিনি বলেন, সঠিকতা, নিরপেক্ষতা ও পেশাগত নৈতিকতা বজায় রাখার ক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মগুলোরও স্বচ্ছতা বাড়ানো এবং ক্ষতিকর মিথ্যা তথ্যের বিষয়ে অভিযোগ জানানোর কার্যকর ব্যবস্থা রাখা উচিত।
ভুল তথ্য ও অপতথ্য প্রতিরোধে সরকারি সংস্থা, আইন প্রয়োগকারী বাহিনী, শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম ও সুশীল সমাজের মধ্যে কার্যকর প্রাতিষ্ঠানিক সমন্বয়ের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
এ চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের পাশাপাশি শিক্ষাবিদ, সাংবাদিক, সুশীল সমাজ, ধর্মীয় নেতা, তরুণ ও সাধারণ নাগরিকসহ সবার সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেন ডেপুটি স্পিকার।
সেমিনারে উপস্থিত ছিলেন যারা
সেমিনারে প্যানেল আলোচক হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, ওসমানী শান্তি ও নিরাপত্তা অধ্যয়ন কেন্দ্রের চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ মাহফুজুর রহমান, বিইউপির আইন বিভাগের সহকারী অধ্যাপক প্রীতি কণা শিকদার এবং ওয়াকিলা হোসাইন।
এ সময় বিইউপির উপাচার্য, উপ-উপাচার্য, শিক্ষক, শিক্ষার্থী এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

