দিনাজপুরের ৯৯ কিলোমিটার সীমান্তে বিশেষ টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার; সন্দেহজনক গতিবিধি শনাক্তে বাড়ানো হচ্ছে আধুনিক প্রযুক্তির ব্যবহার
অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে আধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক অবস্থান, নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করছে বাহিনীটি।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
৯৯ কিলোমিটার সীমান্তে বিশেষ নজরদারি
বিজ্ঞপ্তিতে বলা হয়, দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবির আওতাধীন প্রায় ৯৯ কিলোমিটার সীমান্তের ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় দিন-রাত সতর্ক অবস্থানে থেকে বিশেষ টহল পরিচালনা করছেন বিজিবি সদস্যরা। পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতা।
রাতের অন্ধকারে সীমান্ত পর্যবেক্ষণ আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ফ্লাডলাইট স্থাপনের কাজ শুরু হয়েছে। একই সঙ্গে থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। এর মাধ্যমে দুর্গম ও অন্ধকারাচ্ছন্ন এলাকায় সন্দেহজনক গতিবিধি দ্রুত শনাক্ত করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অবৈধ অনুপ্রবেশে কঠোর অবস্থান
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্ত দিয়ে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ কিংবা অনুপ্রবেশের অপচেষ্টা বরদাস্ত করা হবে না। কোনো বিতর্কিত পলাতক বা ফেরারি আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তাঁকে আইনের আওতায় আনা হবে।
তিনি বলেন, দেশের সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন অবৈধভাবে অনুপ্রবেশ কিংবা দেশত্যাগ করতে না পারে, সে লক্ষ্যে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের প্রতিটি স্পর্শকাতর এলাকায় বিজিবি সদস্যদের নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
সীমান্তবাসীর সহযোগিতা চায় বিজিবি
সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনগণ ও সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান।
তিনি জানান, সীমান্ত এলাকায় অপরিচিত বা সন্দেহভাজন ব্যক্তির চলাচল, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা কিংবা যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্পে জানানোর আহ্বান জানানো হচ্ছে। এ লক্ষ্যে সীমান্তে বসবাসরত মানুষের সঙ্গে মতবিনিময় বৈঠক শুরু করেছেন তিনি।
বৈঠকের মাধ্যমে দেশের স্বার্থে সীমান্তবাসীকে বিজিবি সদস্যদের সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

