বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

শিক্ষার্থীদের জন্য সুন্দর পরিবেশ ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হচ্ছে: ভূমিমন্ত্রী

শিক্ষার্থীদের জন্য সুন্দর শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে কাজ চলছে, রাজশাহীর পুলিশ লাইন স্কুলে বড় ভবন নির্মাণের ঘোষণা

দেশের শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়নে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। তিনি বলেন, শিক্ষাখাতে সরকার সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।

আজ দুপুরে রাজশাহীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার পরিবেশ উন্নয়নে উদ্যোগ

ভূমিমন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে সরকার অত্যন্ত আন্তরিক। শিক্ষার্থীরা যাতে সুন্দর পরিবেশে পড়াশোনা করতে পারে, সে পরিবেশ ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, শিক্ষার্থীদের প্রধান লক্ষ্য হতে হবে পড়াশোনা। অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে দেশ, জাতি ও সমাজের কল্যাণে অবদান রাখতে হবে তাদের।

মিজানুর রহমান মিনু আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন, শিক্ষার পরিবেশ বজায় রাখা এবং প্রকৃত শিক্ষা অর্জনে শিক্ষার্থীদের দায়িত্বশীল হতে হবে। মেধাবীরা যেন বিশ্বের অন্যান্য মেধাবীর সমপর্যায়ে পৌঁছানোর পাশাপাশি আরও এগিয়ে যেতে পারে, সে লক্ষ্যেই সরকার কাজ করছে।

তিনি বলেন, বাংলাদেশের শিক্ষার্থীরা বিশ্বের বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন এবং সুনামের সঙ্গে নিজেদের যোগ্য অবস্থান তৈরি করেছেন।

পুলিশ লাইন স্কুলে বড় ভবন নির্মাণের ঘোষণা

অনুষ্ঠানে ভূমিমন্ত্রী জানান, শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজে একটি বড় ভবন নির্মাণ করা হবে। এর মাধ্যমে প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে। এ ছাড়া শিক্ষার্থীদের যাতায়াতের জন্য ইয়েলো বাসের ব্যবস্থা করার চেষ্টা করা হবে।

তিনি বলেন, এ প্রতিষ্ঠানের সমস্যাগুলো সবার সমস্যা। শিক্ষার সুস্থ পরিবেশ বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

এর আগে মিজানুর রহমান মিনু শহীদ ডিআইজি মামুন মাহমুদসহ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সব শহীদের রুহের মাগফিরাত কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যারা

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ ফয়েজুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন এবং রাজশাহী জেলা পরিষদের প্রশাসক মো. এরশাদ আলী ঈশা।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। এ সময় রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইয়াকুব আলী, আরএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন