ট্রাম্পের পাঁচ গুণ শক্তিশালী হামলার হুমকির পাল্টা সতর্কবার্তা তেহরানের; ওয়াশিংটন ও তেল আবিবের নতুন যুদ্ধ শুরুর রাজনৈতিক সক্ষমতা নেই বলে দাবি ইরানের নিরাপত্তাপ্রধানের
যুক্তরাষ্ট্রের যেকোনো নতুন হামলার জবাব আগের তুলনায় ১০ গুণ বেশি ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। দেশটির সামরিক বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুলফজল শেখারচি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের হুমকি বাস্তবায়িত হলে তেহরানের পাল্টা আঘাত হবে আরও শক্তিশালী।
ট্রাম্প ইরানে ভবিষ্যতে হামলা হলে তা আগের হামলার তুলনায় পাঁচ গুণ বেশি শক্তিশালী হবে বলে হুমকি দেওয়ার পর বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইরানের পক্ষ থেকে পাল্টা এই সতর্কবার্তা দেওয়া হয়। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের ঘনিষ্ঠ সংবাদমাধ্যম নূর নিউজের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
দৃশ্যমান-অদৃশ্য সব সম্পদে আঘাতের হুঁশিয়ারি
সাম্প্রতিক যুদ্ধ নিয়ে আয়োজিত একটি প্রদর্শনী পরিদর্শনকালে শেখারচি বলেন, ইরানের পাল্টা আঘাত বিশ্বকে চমকে দেবে। শত্রুপক্ষের সামরিক ও বেসামরিক অবকাঠামোসহ দৃশ্যমান ও অদৃশ্য সম্পদ হামলার লক্ষ্যবস্তু হবে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের যেসব সম্পদ ইরানের নাগালের মধ্যে থাকবে, সেগুলোতেই আঘাত হানা হবে। মার্কিন হুমকিতে ইরানিরা ভীত নয় বলেও মন্তব্য করেন তিনি।
সামরিক প্রস্তুতি আগের চেয়ে বেশি: শেখারচি
ইরানের এই সামরিক মুখপাত্রের দাবি, ২০২৫ সালের জুনে শুরু হওয়া যুদ্ধের আগের তুলনায় দেশটির সশস্ত্র বাহিনী এখন অনেক বেশি প্রস্তুত। কৌশলগত সামরিক সরঞ্জামের উৎপাদন কখনো বন্ধ হয়নি। আগের দুই যুদ্ধে চিহ্নিত দুর্বলতাগুলোও কাটিয়ে ওঠা হয়েছে।
শেখারচি বলেন, গত ৪৭ বছরে ইরান প্রমাণ করেছে, দেশটি কখনো আগ্রাসী শক্তি হিসেবে কাজ করেনি। তবে কোনো আগ্রাসনের মুখে পড়লে শুধু প্রতিরক্ষায় সীমাবদ্ধ থাকবে না; বরং শক্তিশালী আক্রমণকারী হিসেবে জবাব দেবে।
ট্রাম্প-নেতানিয়াহুর যুদ্ধ শুরুর সক্ষমতা নেই: রেজায়ি
এদিকে ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করার মতো রাজনৈতিক সক্ষমতা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেই বলে মন্তব্য করেছেন ইরানের জাতীয় নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ি।
বুধবার (১১ নভেম্বর) লেবাননের সম্প্রচারমাধ্যম আল-মায়াদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ট্রাম্প ও নেতানিয়াহুর পক্ষে নতুন করে যুদ্ধ শুরু করার মতো আন্তর্জাতিক রাজনৈতিক সমর্থন নেই।
রেজায়ির দাবি, নিজ নিজ দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক অঙ্গনেও বড় ধরনের যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রয়োজনীয় সমর্থন হারিয়েছেন তারা।

