শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

শীতকালীন দুর্ভোগ কমাতে গাজায় অতিরিক্ত সহায়তার অনুমতি ইসরাইলের

৯১ হাজারের বেশি তাবু ও শীতবস্ত্রসহ ৮ হাজার ২০০টির বেশি ট্রাক পাঠানোর পরিকল্পনা; পানি নিষ্কাশন ও পয়োনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নেও সহায়তা দেওয়া হবে

শীত মৌসুমের আগে গাজা উপত্যকার বাসিন্দাদের দুর্ভোগ কমাতে অতিরিক্ত মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দিয়েছে ইসরাইল। এ সহায়তা কার্যক্রম জাতিসংঘ ও গাজা বোর্ড অব পিসের সঙ্গে সমন্বয় করে পরিচালনা করা হচ্ছে।

মঙ্গলবার ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। তেল আবিব থেকে বার্তা সংস্থা তাস এ খবর প্রকাশ করেছে।

বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতি পূরণে অস্বীকৃতি জানালেও গাজার মানুষের শীতকালীন দুর্ভোগ কমাতে অতিরিক্ত মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দিয়েছে ইসরাইল।

ইসরাইলের সরকারি কার্যক্রম সমন্বয়কারী সংস্থা ‘কোগাত’-এর মাধ্যমে গাজায় শীতকালীন প্রস্তুতি পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করা হচ্ছে। এ কার্যক্রমে গাজা বোর্ড অব পিস, জাতিসংঘ, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও দাতা দেশগুলোর সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

৮ হাজার ২০০টির বেশি ট্রাকে যাবে শীতকালীন সামগ্রী

পরিকল্পনা অনুযায়ী, গাজায় ৯১ হাজারের বেশি তাবু, ত্রিপল, কম্বল, শীতের পোশাক ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীবাহী ৮ হাজার ২০০টির বেশি ট্রাক পাঠানো হবে।

এ ছাড়া পয়োনিষ্কাশনের বর্জ্য পানি পাম্প করে অপসারণের জন্য ১২টি ভ্যাকুয়াম ট্রাক পাঠানোর পরিকল্পনা রয়েছে। পানি ও পয়োনিষ্কাশন নেটওয়ার্ক মেরামত এবং পানি নিষ্কাশন পাম্প পরিচালনার জন্য জ্বালানি সরবরাহের বিষয়টিও পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, গাজায় শীতকালীন প্রস্তুতিতে সহায়তা অব্যাহত রাখবে ইসরাইল। তবে মানবিক সহায়তা ও সরঞ্জাম ব্যবহার করে হামাস যাতে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের সক্ষমতা পুনর্গঠন করতে না পারে, তা নিশ্চিত করার ওপরও জোর দেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, নিরস্ত্রীকরণে হামাসের অব্যাহত অস্বীকৃতিই গাজার পুনর্গঠনের পথে প্রধান বাধা।

যুদ্ধবিরতি চুক্তি ও শান্তি পরিকল্পনা

২০২৫ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্র, মিসর ও কাতারের মধ্যস্থতায় ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়।

এর আগে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এক সূত্রের বরাত দিয়ে জানায়, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে তার শান্তি পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান।

যুদ্ধবিরতি চুক্তিতে দুই পর্যায়ের পরিকল্পনার কথা বলা হয়। প্রথম পর্যায়ে যুদ্ধ বন্ধ, আটক ব্যক্তিদের মুক্তি, গাজায় মানবিক সহায়তা সরবরাহ বাড়ানো এবং ইসরাইলি সেনাদের আংশিক প্রত্যাহারের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল।

দ্বিতীয় পর্যায়ে সংঘাতের অবসান এবং গাজা উপত্যকার ভবিষ্যৎ শাসনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে আরও পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়।

২০২৬ সালের ৩০ জুলাই ট্রাম্প দ্বিতীয় পর্যায়ের চুক্তির ঘোষণা দেন। এ পর্যায়ের পরিকল্পনায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর সম্পূর্ণ নিরস্ত্রীকরণের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন