জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে সময় কাটিয়ে ব্যাডমিন্টন খেলার সামগ্রী উপহার দিলেন তারেক রহমান; সবাইকে মিলেমিশে খেলার পরামর্শ
শিশু-কিশোরদের সঙ্গে সময় কাটিয়ে তাদের খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি এবং নিজেদের মধ্যে আনন্দ ও প্রয়োজনীয় সামগ্রী ভাগাভাগি করে নেওয়ার মানসিকতা গড়ে তুলতে শিশুদের উৎসাহিত করেন তিনি।
শুক্রবার রাজধানীর নৌবাহিনী সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত শিশু-কিশোরদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তাদের হাতে ব্যাডমিন্টন খেলার সামগ্রী উপহার দেন তিনি।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এসব তথ্য জানান।
উপ-প্রেস সচিব জানান, শিশুদের সঙ্গে আলাপচারিতার সময় প্রধানমন্ত্রী জানতে চান, তারা সবাই খেলাধুলার সুযোগ পাচ্ছে কি না এবং তাদের মধ্যে কেউ খেলায় অংশ নেওয়া থেকে বাদ পড়ছে কি না।
এ সময় শিশুদের নিজেদের মধ্যে খেলার সামগ্রী ভাগাভাগি করে ব্যবহারের পরামর্শ দেন তিনি। একজনের কাছে থাকা খেলার সামগ্রী যেন অন্যরাও ব্যবহার করতে পারে, সে বিষয়ে তাদের উৎসাহিত করেন প্রধানমন্ত্রী।
শিশু-কিশোরদের সঙ্গে প্রধানমন্ত্রীর এই সময় কাটানোর মধ্য দিয়ে পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা এবং ভাগাভাগির মানসিকতা গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়।
শুধু নিজের আনন্দের কথা না ভেবে অন্যদেরও খেলাধুলায় যুক্ত করা এবং নিজেদের সামগ্রী সবার সঙ্গে ভাগ করে নেওয়ার অভ্যাস গড়ে তুলতে শিশুদের প্রতি আহ্বান জানান তিনি।

