অনুমোদনহীন নৌপথে চলাচলের সময় ‘প্রচণ্ড বিস্ফোরণে’ ট্যাংকার দুটি অচল হয়ে পড়ে বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী
হরমুজ প্রণালীতে অনুমোদনহীন নৌপথে চলাচলের সময় দুর্ঘটনায় চার মিলিয়ন ব্যারেলের বেশি তেলবাহী দুটি ট্যাংকারে আগুন ধরে গেছে বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে বাহিনীটি জানায়, বুধবার রাতে নৌবাহিনীর বারবার সতর্কতা উপেক্ষা করে প্রণালীর অনুমোদনহীন ও বিপজ্জনক দক্ষিণাঞ্চলীয় নৌপথ দিয়ে যাওয়ার সময় ট্যাংকার দুটি দুর্ঘটনার শিকার হয়।
তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
বিস্ফোরণে অচল ট্যাংকার
বিপ্লবী গার্ড বাহিনীর বিবৃতিতে বলা হয়, ‘প্রচণ্ড বিস্ফোরণের’ আঘাতে ট্যাংকার দুটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। তবে কী ধরনের দুর্ঘটনা বা বিস্ফোরণ ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
বিবৃতিতে আরও বলা হয়, সুপারট্যাংকার দুটিতে মোট চার মিলিয়ন ব্যারেলের বেশি তেল ছিল। বর্তমানে সেগুলোতে আগুন জ্বলছে।
বাহিনীটি এ পরিস্থিতির জন্য ‘আগ্রাসী মার্কিন সামরিক বাহিনীর ওপর অন্ধ আস্থাকে’ দায়ী করেছে।
হরমুজ প্রণালীতে চলাচলে বিধিনিষেধ
ফেব্রুয়ারির শেষ দিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকে কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে তেহরান। ইরানের অনুমোদিত নৌপথ ব্যবহার করেই জাহাজগুলোকে চলাচল করতে বলা হয়েছে।
এর জবাবে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ-অবরোধ আরোপ করেছে। পাশাপাশি হরমুজ প্রণালী দিয়ে ট্যাংকার চলাচলে সহায়তা করছে। বিশ্বের মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ সাধারণত এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়।
আগেও জাহাজে আগুনের খবর দিয়েছে ইরান
সাম্প্রতিক সপ্তাহগুলোতে তেহরানের নিষিদ্ধ ঘোষিত নৌপথ ব্যবহার করতে গিয়ে বিভিন্ন জাহাজে আগুন লাগার একাধিক খবর দিয়েছে ইরানি বাহিনী।
এসব ঘটনার জন্য তেহরান প্রায়ই মাইন বিস্ফোরণকে দায়ী করেছে। তবে সম্প্রতি মার্কিন সামরিক বাহিনী দাবি করেছে, হরমুজ প্রণালী থেকে সব মাইন অপসারণ করা হয়েছে।

