কোথাও অতিরিক্ত বা অস্বাভাবিক বিলের ঘটনা ঘটলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস; গত আট মাসে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে সরকার
বিদ্যুতের ভৌতিক বিলের ঘটনা ঠেকাতে প্রিপেইড স্মার্ট মিটার স্থাপনের ব্যবস্থা করেছে সরকার। এরপরও কোথাও এ ধরনের বিল দেওয়ার ঘটনা ঘটলে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা জানান।
গ্যাসের দাম ও ভর্তুকি নিয়ে যা বললেন মন্ত্রী
সংসদে বিদ্যুৎমন্ত্রী বলেন, বর্তমান সরকার বারবার গ্যাসের দাম বাড়ায়নি। মধ্যপ্রাচ্যের যুদ্ধকালীন পরিস্থিতির কারণে বিদ্যুৎকেন্দ্র সচল রাখতে বেশি দামে গ্যাস কিনতে হচ্ছে।
তেল ও গ্যাসের দাম বাজারদরের সঙ্গে সমন্বয় করে বাড়ানো হয় উল্লেখ করে তিনি জানান, গত আট মাসে সরকার ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে।
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত
এদিকে, তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সংসদকে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর ছবি ও নাম ব্যবহার করে পরিচালিত ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ শনাক্ত করেছে বাংলা ফ্যাক্ট।
সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ছড়ানো ও চরিত্রহনন রোধে ‘বাংলা ফ্যাক্ট’ সক্রিয়ভাবে কাজ করছে বলেও জানান প্রতিমন্ত্রী।

