রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা, আটক এক ব্যক্তি; চিকিৎসককে নিরাপত্তা দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান অতিরিক্ত আনসার সদস্যরা
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ও কর্তব্যরত চিকিৎসকের ওপর হামলার চেষ্টার ঘটনা ঘটেছে। এ সময় দায়িত্বে থাকা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের তাৎক্ষণিক ও সমন্বিত পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় হামলার চেষ্টার অভিযোগে মো. সবুজ মিয়া (২৬) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটে হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসাসেবায় অবহেলার অভিযোগ তুলে রোগীর এক স্বজন কর্তব্যরত চিকিৎসকের ওপর হামলার চেষ্টা করেন।
এ সময় ওয়ার্ডে দায়িত্ব পালনরত আনসার সদস্য মহিবুর রহমান এবং টহল ডিউটিতে থাকা আনসার সদস্য জয়ন্ত মন্ডল পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে আসেন। তবে পরিস্থিতির উত্তেজনা বিবেচনায় তাঁরা অতিরিক্ত সহায়তার প্রয়োজন অনুভব করেন। একপর্যায়ে আনসার সদস্য মহিবুর রহমান দ্রুত আনসার ক্যাম্পে বিষয়টি জানান।
অতিরিক্ত আনসার সদস্যদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণ
খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ক্যাম্প থেকে অতিরিক্ত আনসার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং হাসপাতালের স্বাভাবিক পরিবেশ ফিরে আসে।
চিকিৎসকের ওপর হামলার চেষ্টার অভিযোগে মো. সবুজ মিয়াকে আটক করা হয়। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
হাসপাতালের নিরাপত্তায় আনসারের দায়িত্ব পালন
হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ জনসেবামূলক প্রতিষ্ঠানে চিকিৎসক, রোগী ও তাঁদের স্বজনদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নির্বিঘ্ন চিকিৎসাসেবা বজায় রাখতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে জননিরাপত্তা নিশ্চিত করতে তাঁদের এ ধরনের তৎপরতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

