বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় তরুণদের রাজনীতিতে আসতে হবে: ডেপুটি স্পিকার

দেশ গঠনে তরুণদের নেতৃত্ব দেওয়ার আহ্বান কায়সার কামালের, ফ্যাসিবাদ যেন আর ফিরে না আসে—এ জন্য ঐক্যবদ্ধ থাকার তাগিদ

দেশের সামগ্রিক পরিবর্তন, গণতন্ত্রের অগ্রযাত্রা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় তরুণ প্রজন্মের সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, একটি সুন্দর, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে তরুণদের নেতৃত্ব দিতে হবে। শুধু পরিবর্তনের প্রত্যাশা করলেই হবে না, পরিবর্তন বাস্তবায়নে নিজেদের সম্পৃক্ত করতে হবে।

বুধবার বাংলা একাডেমিতে আয়োজিত ‘তারুণ্যের ইশতেহার ২০২৬: হ্যাঁ, জয়যুক্ত হয়েছে’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, “আমরা চাই, আমাদের দেশ আমাদের মতো করে পরিচালিত হোক। আমরা চাই, আমাদের দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক। আমরা চাই, আমাদের দেশ যেন আমাদের কথাই বলে। এই প্রত্যাশা বাস্তবায়নে সর্বাগ্রে প্রয়োজন জনগণের অংশগ্রহণ।”

রাজনীতিতে সৎ ও শিক্ষিত তরুণদের অংশগ্রহণের আহ্বান

কায়সার কামাল বলেন, দেশের সামগ্রিক পরিবর্তন ও সমাজের ইতিবাচক রূপান্তর ঘটাতে রাজনীতিতে অংশগ্রহণ অপরিহার্য। তরুণদের পেশ করা দাবিনামার ভাষা, উপস্থাপনা ও বক্তব্যের ধরন কোনো সংসদ সদস্যের চেয়ে কম নয়। এ কারণে উপস্থিত তরুণদের মধ্য থেকে অনেককে রাজনীতিতে আসার এবং সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

তিনি বলেন, আমাদের দুর্ভাগ্য, গত দেড় শতকে দেশের রাজনীতি কলুষিত হয়েছে। রাজনীতি আর আদর্শের জায়গায় নেই। চাঁদাবাজ, মাদকাসক্ত, বখাটে ও কর্মবিমুখ মানুষের হাতে রাজনৈতিক চালিকাশক্তি চলে গেছে। এ অবস্থা থেকে উত্তরণে সমাজের সুশিক্ষিত, মানবিক ও নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষকে রাজনীতিতে এগিয়ে আসতে হবে।

দেশের রাজনৈতিক অঙ্গনে বিদ্যমান দুর্বৃত্তায়ন থেকে মুক্তি পেতে সমাজের সৎ, শিক্ষিত ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষকে জনসেবা ও মানবকল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। অন্যথায় দেশ ও জাতির প্রকৃত মঙ্গল নিশ্চিত করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন ডেপুটি স্পিকার।

ফ্যাসিবাদ ফিরে আসার আশঙ্কা, ঐক্যবদ্ধ থাকার তাগিদ

জুলাই-আগস্টের আন্দোলনের প্রসঙ্গ তুলে কায়সার কামাল বলেন, রক্তের দাগ এখনো শুকায়নি। প্রায় ১ হাজার ৪০০ মায়ের বুক খালি হয়েছে। স্বজন হারানো পরিবারের আহাজারি এখনো থামেনি। বিচার প্রক্রিয়াও এখনো সম্পন্ন হয়নি। অথচ ফ্যাসিবাদী শক্তি আবারও মাথাচাড়া দেওয়ার ইঙ্গিত দিচ্ছে। এ অবস্থায় তরুণ প্রজন্মের ঘরে বসে থাকার সুযোগ নেই।

তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় তরুণরা কোনো রাজনৈতিক দলের পরিচয় বা আহ্বানের অপেক্ষা করেননি। স্বতঃস্ফূর্তভাবে দেশমাতৃকাকে রক্ষা, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা, আইনের শাসন কায়েম এবং সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে রাজপথে নেমেছিলেন। তাই এখনো ঐক্যবদ্ধ থেকে দেশ ও গণতন্ত্র রক্ষায় ভূমিকা রাখতে হবে।

ডেপুটি স্পিকার বলেন, “আমরা যদি অর্থবহ প্রভাব সৃষ্টি করতে না পারি, তাহলে দেশে আবারও ফ্যাসিবাদ ফিরে আসার আশঙ্কা রয়েছে। তাই তরুণদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং দেশ গঠনে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।”

তিনি আরও বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তরুণদের নেতৃত্বেই ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে এবং নতুন বাংলাদেশের অভ্যুদয় হয়েছে। এখন একটি অর্থবহ ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে তরুণদের অংশীদার হতে হবে।

‘সবার আগে বাংলাদেশ’ চেতনা ধারণ করতে হবে

কায়সার কামাল বলেন, তরুণরাই আমাদের দেশকে দ্বিতীয়বারের মতো উদ্ধার করেছে। কিন্তু দ্বিতীয়বার বাংলাদেশ গঠনের পরও কেন আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি হচ্ছে? মতপার্থক্য থাকবে, গঠনমূলক সমালোচনাও থাকবে। তবে গণতন্ত্র ও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তরুণদের অর্থবহ পরিবর্তন ও ইতিবাচক প্রভাব সৃষ্টি করতে হবে।

তিনি বলেন, নির্বাচিত প্রধানমন্ত্রী বলেছেন, ‘সবার আগে বাংলাদেশ’। এই কথাটিকে শুধু স্লোগানের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না; এটি সবার হৃদয়ে ধারণ করতে হবে। সরকারি দল হোক কিংবা বিরোধী দল—সবার আগে বাংলাদেশ, এই চেতনাকে ধারণ করতে হবে। অন্যথায় দেশের অস্তিত্ব সংকটে পড়বে। এ দেশের মাটিতে আবারও ফ্যাসিবাদের কোনো উপাদান ফিরে আসুক, তা চান না বলেও জানান তিনি।

তরুণদের সংসদে আসার প্রস্তুতি নেওয়ার আহ্বান

তরুণদের উদ্দেশে ডেপুটি স্পিকার বলেন, বাংলাদেশ আজ নানা চ্যালেঞ্জের মুখোমুখি। একটি গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হলে সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ প্রয়োজন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা তরুণেরা অনুষ্ঠান থেকে ইতিবাচক বার্তা নিয়ে নিজ নিজ এলাকায় ফিরে গিয়ে দেশ গঠনে ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করেন তিনি।

আয়োজকদের উদ্যোগের প্রশংসা করে কায়সার কামাল বলেন, শুধু অনুষ্ঠান আয়োজন করেই ক্ষান্ত থাকলে চলবে না; এর ইতিবাচক প্রভাব সারা দেশে ছড়িয়ে দিতে হবে। উপস্থিত তরুণদের অনেককেই আগামী জাতীয় সংসদে আসার জন্য প্রস্তুতি নিতে হবে। আমাদের দেশ আমাদেরই গড়ে তুলতে হবে। প্রত্যেকের অংশগ্রহণের মাধ্যমেই বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।

তিনি বলেন, “একদিন আপনারাই আমাদের আসনে বসবেন এবং গর্ব করে বলবেন, আমরা একটি সুন্দর, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে পেরেছি।”

অনুষ্ঠানে আইআইডিআরের নির্বাহী পরিচালক সাইয়িদ আহমেদ সভাপতিত্ব করেন। এতে সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন, মারদিয়া মমতাজ, আনিছুর রহমান, মাহমুদা হাবীবা, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা তরুণ সমাজের প্রতিনিধি, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন