বুধবার, ১১ নভেম্বর ২০২৬

ইউরোপের স্কুল-গণমাধ্যমে ধারাবাহিক হুমকি, সাইবার হামলার আশঙ্কা

ইমেইলে একযোগে হুমকি পাওয়ার পর শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়; তল্লাশিতে মেলেনি বিপদের প্রমাণ, ঘটনাকে সাইবার হামলা হিসেবে দেখছে ইতালি সরকার

ইউরোপজুড়ে সুপারমার্কেট, ব্লাড ব্যাংক, বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থা ও সম্প্রচারমাধ্যমে ধারাবাহিক সাইবার হামলা এবং নানা ধরনের হুমকির মধ্যে এবার ইতালির প্রায় ৬ হাজার ৩০০টি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। বুধবার (১১ নভেম্বর) ইমেইলের মাধ্যমে এসব হুমকি পাঠানো হলে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দেশটির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান খালি করে শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

একই সময়ে স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড ও আয়ারল্যান্ড প্রজাতন্ত্রের অনেক স্কুলেও বিদেশ থেকে একই ধরনের হুমকিমূলক ইমেইল পাঠানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে তদন্তে হুমকিগুলো ভুয়া বলে প্রমাণিত হওয়ায় এসব অঞ্চলে স্কুল বন্ধ করা হয়নি; স্বাভাবিকভাবেই ক্লাস চলেছে।

বিভিন্ন শহরে স্কুল খালি, পরে সতর্কতা প্রত্যাহার

ইতালিতে হুমকি পাওয়ার পরপরই দ্রুত স্কুলগুলো খালি করা হয়। এতে অনেক অভিভাবক কাজ ফেলে সন্তানদের নিয়ে আসতে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটে যান। রাজধানী রোম, নেপলস, ভিচেনজা, ফ্লোরেন্স, পিসা ও ত্রিয়েস্তেসহ বিভিন্ন শহরের বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে সতর্কতামূলক তল্লাশি চালানো হয়।

তবে নিরাপত্তা তল্লাশিতে সন্দেহজনক বা বিপজ্জনক কিছু পাওয়া যায়নি। ফলে দ্রুতই সতর্কতা তুলে নেওয়া হয় এবং শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফেরার অনুমতি দেওয়া হয়।

ইতালির শিক্ষামন্ত্রী জুসেপ্পে ভালদিতারা ঘটনাটিকে বাস্তব কোনো বিপদের চেয়ে ‘সাইবার হামলা’ হওয়ার সম্ভাবনাই বেশি বলে মন্তব্য করেছেন। দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক দিনগুলোতে অন্তত ২৮০টি স্কুলের প্রধান শিক্ষক সরাসরি এ ধরনের হুমকিমূলক ইমেইল পেয়েছেন।

জরুরি বৈঠক ডেকেছেন মেলোনি

পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় শীর্ষ মন্ত্রী ও গোয়েন্দা প্রধানদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তিনি জানিয়েছেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আসা হুমকির ঘটনাগুলো সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হুমকিমূলক ইমেইলগুলোতে মেলোনিকেও লক্ষ্যবস্তু করার কথা উল্লেখ করা হয়েছিল। তবে তল্লাশির পর কোনো বিপদের প্রমাণ না পাওয়ার কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন, এসব বার্তা জনমনে শঙ্কা ও গভীর উদ্বেগ তৈরির একটি সুপরিকল্পিত কৌশলের অংশ বলে মনে হচ্ছে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, হুমকিমূলক ইমেইলগুলোর প্রেরক হিসেবে ‘ভিলায়েত অব মিসোজিনিস্তান’-এর স্বঘোষিত নেতা ‘মিখাইল আন্দ্রোপভ’-এর নাম ব্যবহার করা হয়েছিল। গত শুক্রবার আয়ারল্যান্ড ও বুলগেরিয়ার সংবাদমাধ্যমে পাঠানো একই ধরনের ভুয়া বোমা হামলার হুমকিতেও এই নাম ব্যবহার করা হয়।

ইতালির এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, স্কুলগুলোর ইমেইল ঠিকানা উন্মুক্ত থাকায় এ ধরনের সাইবার আতঙ্ক ছড়ানো সহজ হয়েছে।

রাশিয়া-ইরানের দিকে সন্দেহের তীর

ইউক্রেইনে সমর্থন দেওয়ার জেরে ইউরোপের জনজীবন বিপর্যস্ত করতে রাশিয়া এ ধরনের তৎপরতা চালাতে পারে বলে সন্দেহ করছেন ইউরোপের কিছু কর্মকর্তা। তবে মস্কো এই অভিযোগকে পশ্চিমা অপপ্রচার বলে উড়িয়ে দিয়েছে।

অন্যদিকে, ফ্রান্সে সুপারমার্কেটের হিমায়ক বিকল করে দেওয়ার অভিযোগে ইরানের রাষ্ট্রদূতকে তলব করার পর এসব ঘটনায় তেহরানের সম্পৃক্ততা নিয়েও সন্দেহ তৈরি হয়েছে।

তবে ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো সতর্ক করে বলেছেন, এ ধরনের ঘটনার পেছনে সব সময় বহিঃশত্রু নাও থাকতে পারে। দৃষ্টি আকর্ষণে আগ্রহী কোনো বিকারগ্রস্ত গোষ্ঠীও আতঙ্ক সৃষ্টির সুযোগ নিতে পারে।

এদিকে ইতালির প্রিন্সিপালস অ্যাসোসিয়েশন জানিয়েছে, হুমকিগুলো ভুয়া হলেও শিক্ষার্থী ও শিক্ষাঙ্গনে এর নেতিবাচক মানসিক প্রভাব গভীর।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন