সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পাঁচ দিনের আবেদন করেছিলেন তদন্ত কর্মকর্তা; শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ককটেল বিস্ফোরণের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার মো. রেজওয়ান আহম্মেদের (২৪) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার অর্থবিষয়ক সম্পাদক।
বুধবার (১১ নভেম্বর) রেজওয়ানকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
কোতোয়ালি থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক কামাল হোসেন বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
যেভাবে আটক হন রেজওয়ান
মামলার অভিযোগে বলা হয়, গত ৯ নভেম্বর রাত ৭টা ৪৫ মিনিটের দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটের পাকা রাস্তায় একটি ককটেল বিস্ফোরিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা রেজওয়ানকে একটি অবিস্ফোরিত ককটেলসহ আটক করেন।
এ ঘটনায় কোতোয়ালি থানার উপপরিদর্শক মো. ইমরান হোসাইন সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন।

