বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

চাকরির প্রলোভনে ২৫ লাখ টাকা আত্মসাৎ, সিআইডির হাতে গ্রেপ্তার ২

নেদারল্যান্ডসের প্রতিষ্ঠানের ওয়েবসাইট клোন করে চাকরির প্রস্তাব, বিনিয়োগের নামে প্রতারণা; এ মামলায় আগে গ্রেপ্তার হয়েছেন ১০ আসামি

অনলাইন প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে টেলিগ্রামভিত্তিক প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার দুজনের মধ্যে একজন টেলিগ্রাম গ্রুপের অ্যাডমিন।

সোমবার (৯ নভেম্বর ২০২৬) বিকেল ৫টার দিকে রংপুর জেলার কোতোয়ালি থানাধীন শাপলার মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দিনাজপুরের বীরগঞ্জ থানার মাহতাবপুর এলাকার মো. মাহফুজ আলী (৩১) এবং রংপুরের কোতোয়ালি থানার কাটাবাড়ি এলাকার মো. আব্দুল আলিম (৩০)।

ক্লোন ওয়েবসাইটে চাকরির প্রস্তাব, পরে বিনিয়োগের প্রলোভন

সিআইডির তদন্তে জানা যায়, অনলাইন প্রতারক চক্রটি নেদারল্যান্ডসের প্রতিষ্ঠান Withlocals-এর ওয়েবসাইট ক্লোন করে ওই প্রতিষ্ঠানের নামে মামলার বাদী ফিরোজ কায়সারকে চাকরির প্রস্তাব দেয়।

বিশ্বাস অর্জনের কৌশল হিসেবে প্রথমে তাকে ৯০০ টাকা এবং বিভিন্ন সময়ে সর্বমোট ৩৪ হাজার টাকা প্রদান করে চক্রটি। পরে ক্লোন ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন বিনিয়োগের প্রস্তাব দিয়ে তাকে অর্থ বিনিয়োগে প্রলুব্ধ করা হয়।

প্রতারকদের প্রস্তাবে সাড়া দিয়ে বাদী সর্বমোট ২৫ লাখ টাকা বিনিয়োগ করে প্রতারিত হন। এ ঘটনায় তিনি পল্টন থানায় মামলা করেন।

মামলাটি পল্টন থানার মামলা নম্বর ০২, তারিখ ১ নভেম্বর ২০২৫। এতে দণ্ডবিধির ৩৪/১০৯/৪০৬/৪২০ ধারায় অভিযোগ আনা হয়েছে।

ছয় সদস্যের টেলিগ্রাম গ্রুপের সন্ধান

মামলার তদন্তে ‘মাহফুজ আলী ওয়ার্ক’ নামে একটি টেলিগ্রাম গ্রুপের সন্ধান পায় সিআইডি। গ্রুপটিতে ছয়জন সদস্য রয়েছেন।

গ্রেপ্তার মাহফুজ আলী ওই গ্রুপের অ্যাডমিন এবং আব্দুল আলিম গ্রুপটির অন্যতম সদস্য।

প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রুপের সদস্যরা দেশব্যাপী অনলাইন প্রতারণার শিকার ব্যক্তিদের তালিকা প্রস্তুত করতেন। পাশাপাশি, কোন ব্যক্তির কাছ থেকে কত টাকা বিনিয়োগ করানো হবে, তা প্রাথমিকভাবে নির্ধারণ করতেন।

তদন্তে পাওয়া তথ্য এবং মাহফুজ আলীর সঙ্গে সংশ্লিষ্টতার ভিত্তিতে একই এলাকা থেকে গ্রুপের অপর সদস্য আব্দুল আলিমকে গ্রেপ্তার করা হয়।

আগে গ্রেপ্তার ১০ আসামি, বাদীর হিসাবে জমা ১০ লাখ টাকা

সিআইডি জানায়, এ মামলায় ইতিপূর্বে ১০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ছয়জন বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

এছাড়া, আগে গ্রেপ্তার হওয়া আসামিদের কাছ থেকে উদ্ধার করা ১০ লাখ টাকা বিজ্ঞ আদালতের উপস্থিতিতে সরাসরি মামলার বাদী ফিরোজ কায়সারের ব্যাংক হিসাবে জমা দেওয়া হয়েছে।

অন্য সদস্যদের শনাক্তে তদন্ত অব্যাহত

গ্রেপ্তার দুই আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনায় জড়িত টেলিগ্রাম গ্রুপের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে সিআইডির তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন