২৪ ঘণ্টার অভিযানে ২০০ গ্রাম গাঁজা ও ৩৬ পিস ইয়াবা উদ্ধার, ৩৫ কিশোরকে পরিবারের জিম্মায় হস্তান্তর
চাঁদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭ জনকে আটক করেছে পুলিশ। এসব অভিযানে ২০০ গ্রাম গাঁজা ও ৩৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টা থেকে বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টা পর্যন্ত জেলার বিভিন্ন থানায় এসব অভিযান পরিচালনা করা হয়। বুধবার সকাল ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার
পুলিশের তথ্য অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ চারজন, ফরিদগঞ্জ থানা পাঁচজন, মতলব দক্ষিণ থানা একজন, মতলব উত্তর থানা একজন, হাজীগঞ্জ থানা দুজন, শাহরাস্তি থানা একজন এবং কচুয়া থানা পুলিশ একজনকে গ্রেপ্তার করে।
মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩
জেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে আরও ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ছয়জন মাদকসেবীকে গ্রেপ্তার করে।
এ ছাড়া ফরিদগঞ্জে তিনজনের কাছ থেকে ২৩ পিস, মতলব দক্ষিণে দুজনের কাছ থেকে ১০ পিস এবং শাহরাস্তিতে একজনের কাছ থেকে তিন পিস ইয়াবা উদ্ধার করা হয়। হাজীগঞ্জে একজনের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
বিভিন্ন মামলায় গ্রেপ্তার আরও ২১ জন
বিভিন্ন মামলায় আরও ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে চাঁদপুর সদর মডেল থানায় একজন, হাইমচরে দুজন, ফরিদগঞ্জে দুজন, মতলব দক্ষিণে একজন, মতলব উত্তরে চারজন এবং কচুয়ায় দুজন রয়েছেন।
এ ছাড়া বিভিন্ন ধারায় চাঁদপুর সদর মডেল থানা পুলিশ আটজন এবং শাহরাস্তি থানা পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭
এদিকে, কিশোর গ্যাংবিরোধী অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে ৩৭ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ তিনজন, হাইমচর পাঁচজন, ফরিদগঞ্জ ছয়জন, মতলব দক্ষিণ পাঁচজন, মতলব উত্তর পাঁচজন, হাজীগঞ্জ চারজন এবং কচুয়া থানা পুলিশ নয়জনকে আটক করে।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর বাসসকে জানান, আটক কিশোরদের মধ্যে ৩৫ জনকে যাচাই-বাছাই শেষে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
অভিযান অব্যাহত রাখার ঘোষণা পুলিশের
পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে এসব অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার অন্য আসামিদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া নূর।

