ফটোকপি দোকানে প্রাইভেট পড়াতেন অভিযুক্ত; সাম্প্রতিক সময়ে উপজেলায় শিশুদের যৌন নিপীড়নের একাধিক অভিযোগে উদ্বেগ
টাঙ্গাইলের মির্জাপুরে প্রাইভেট পড়তে গিয়ে এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. সবুজ (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার উপজেলার মৈশামুড়া বাজারের একটি ফটোকপি ও স্টেশনারির দোকানে এ ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।
আটক সবুজ দেলদুয়ার উপজেলার ফাজিলহাটি ইউনিয়নের পুটিয়াজানি গ্রামের গাজী মিয়ার ছেলে। তিনি মৈশামুড়া বাজারে ফটোকপি ও স্টেশনারির দোকান পরিচালনার পাশাপাশি কয়েকজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীকে সেখানে প্রাইভেট পড়াতেন।
শাটার খুলে শিশুকে বিবস্ত্র অবস্থায় দেখতে পান মা
স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল ছুটির পর শিশুটি তার দুই ছেলে সহপাঠীর সঙ্গে অভিযুক্তের দোকানে প্রাইভেট পড়তে যায়। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও শিশুটি বাড়ি না ফেরায় তার মা খোঁজ নিতে দোকানে যান। সেখানে গিয়ে দোকানের শাটার বন্ধ দেখতে পান তিনি।
পরে শাটার খুলে ভেতরে মেয়েকে বিবস্ত্র অবস্থায় দেখতে পান মা। এ সময় শিশুটি দোকান থেকে বেরিয়ে মাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে এবং তাকে ধর্ষণ করা হয়েছে বলে জানায়।
মেয়ের কাছ থেকে অভিযোগ শোনার পর মা আশপাশের লোকজনকে ডাকেন। পরে স্থানীয়রা ঘটনাস্থলে এসে অভিযুক্ত সবুজকে আটক করেন। খবর পেয়ে মির্জাপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে নিজেদের হেফাজতে নেয়।
মামলা প্রক্রিয়াধীন
মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তকে থানায় নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের সত্যতা পাওয়া গেছে বলে জানান তিনি। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা প্রক্রিয়াধীন।
ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
একই উপজেলায় শিশু নিপীড়নের আরও অভিযোগ
এর আগে গত সোমবার (৯ নভেম্বর) মির্জাপুর উপজেলার নতুন কহেলা গ্রামে নতুন কহেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের যৌন নিপীড়নের অভিযোগে তপন সরকার নামের এক শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন এলাকাবাসী।
এ ছাড়া গত ৩১ অক্টোবর টাঙ্গাইল পৌর শহরের কালীবাড়ি এলাকার একটি ভবনে নিয়ে সাড়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, শিশুটি কান্নাকাটি করায় ওই যুবক তার নাক-মুখ থেঁতলে দেন। পরে স্থানীয়রা তাঁকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন।
পরপর এসব ঘটনায় টাঙ্গাইলের মির্জাপুরসহ জেলাজুড়ে শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

