শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

হংকং থেকে মসলার আড়ালে আসছিল মাদক, ডিএনসির অভিযানে উদ্ধার ৩০ কেজি

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আমদানিকারক ও সিএন্ডএফ এজেন্ট গ্রেপ্তার; ক্রেতা সেজে ফাঁদ পেতে চালানটির সন্ধান পায় গোয়েন্দারা

মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য সিসা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) গোয়েন্দা নজরদারি ও কৌশলগত তৎপরতায় এ অবৈধ ব্যবসার সন্ধান পাওয়া গেছে। পরে অভিযান চালিয়ে আমদানিকারক ও সিএন্ডএফ এজেন্টসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে ৩০ কেজি সিসা।

ডিএনসির সহকারী পরিচালক মোস্তাক আহমেদের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে।

ক্রেতা সেজে চালানের সন্ধান

ডিএনসি সূত্রে জানা যায়, গোয়েন্দা দলের সদস্যরা ক্রেতা সেজে ৫ কেজি সিসার অর্ডার দেন। এরপর আমদানির পুরো প্রক্রিয়া নজরদারিতে রাখা হয়। ওই ৫ কেজি সিসা সংগ্রহ করতে গিয়ে আমদানি করা আরও ২৫ কেজিসহ মোট ৩০ কেজি অবৈধ সিসা উদ্ধার করা হয়।

আমদানিকারক ও ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৩

এ ঘটনায় রাজধানীর বংশাল থানাধীন নর্থ সাউথ রোডের আস-সুন্নাহ প্রতিষ্ঠানের মো. সোলায়মান আহমেদ শুভ (৩১), উত্তরার সাবা অ্যান্ড রিহান এন্টারপ্রাইজের মালিক মো. শাকিল আহমেদ এবং একই এলাকার ট্রাস্ট গ্লোবাল ট্রেডিংয়ের মালিক মো. মেহেদী হাসানকে (৪৬) গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বংশাল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন