মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

ভাষা আন্দোলনের বীর সেনানী মোশাররফ হোসেন আর নেই

ভাষা আন্দোলনের অন্যতম বীর সেনানীর মৃত্যুতে শোক | বয়স হয়েছিল ৯০ বছর

ভাষা আন্দোলনের অন্যতম বীর সেনানী ও ভাষা সৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সোমবার (৯ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে রাজধানীর উত্তরায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন

মোশাররফ হোসেন আখুঞ্জির মেজো মেয়ে খাইরুন্নাহার ওরফে সুচি বাসসকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বেশ কিছুদিন ধরে তার বাবা বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। সর্বশেষ গত ৩১ অক্টোবর অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর একটি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসা চলছিল। চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুর আড়াইটার দিকে তিনি মারা যান।

মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও স্বজন রেখে গেছেন।

মরদেহ নেওয়া হবে রাজশাহীতে

খাইরুন্নাহার ওরফে সুচি জানান, সোমবার রাতে তার বাবার মরদেহ ঢাকা থেকে রাজশাহী নিয়ে যাওয়া হবে। জানাজার সময় পরে জানানো হবে।

এ সময় তিনি তার বাবার আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।

ভাষা আন্দোলনে রেখেছিলেন অগ্রণী ভূমিকা

মোশাররফ হোসেন আখুঞ্জি ১৯৫২ সালের ভাষা আন্দোলনে রাজশাহীতে অগ্রণী ও সক্রিয় ভূমিকা পালন করেন।

রাজশাহী কলেজে অবস্থিত দেশের প্রথম শহীদ মিনার নির্মাণে তিনি ও তার সহযোদ্ধারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পুলিশি বাধা উপেক্ষা করে তারা শহীদ মিনারটি নির্মাণ করেছিলেন।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে ভাষা সৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জির সাক্ষাৎকার নিয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন