দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে উদ্যোগ, কোরিয়ান কোম্পানির সমস্যা সমাধানে যৌথ সমন্বয় সভা; জাহাজ নির্মাণে প্রযুক্তি হস্তান্তর ও যৌথ বিনিয়োগের প্রস্তাব
বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বিস্তৃত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির (সিইপিএ) খসড়া আগামী ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করার বিষয়ে একমত হয়েছে দুই দেশ। খসড়া চূড়ান্ত হওয়ার পর উচ্চপর্যায়ে আনুষ্ঠানিক স্বাক্ষরের প্রস্তুতি নেওয়া হবে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি হুনের দ্বিপক্ষীয় বৈঠকে এ মতৈক্য হয়।
বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ, কোরিয়ান বিনিয়োগকারীদের সমস্যা সমাধান, জাহাজ নির্মাণ খাতে যৌথ বিনিয়োগ এবং এলএনজি সরবরাহসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
ডিসেম্বরের মধ্যে সিইপিএ চুক্তির খসড়া চূড়ান্ত
বৈঠকে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণে সিইপিএ দ্রুত চূড়ান্ত করার আগ্রহ প্রকাশ করেন।
তিনি জানান, চুক্তির খসড়া ও বিস্তারিত প্রশ্নমালার বিষয়ে দক্ষিণ কোরিয়া এরই মধ্যে বাংলাদেশকে নিজেদের অবস্থান জানিয়েছে। বৈঠকে চুক্তি চূড়ান্তকরণ ও পরবর্তী পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
কোরিয়ান বিনিয়োগকারীদের সমস্যা সমাধানে যৌথ উদ্যোগ
বৈঠকে কোরিয়ান বিনিয়োগকারীদের পরিচালনাগত ও আমদানি সংক্রান্ত সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের আশ্বাস দেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
তিনি জানান, বিনিয়োগকারীদের নীতিগত সমস্যা দ্রুত সমাধানে বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), অর্থ মন্ত্রণালয় ও কোরিয়ান বিনিয়োগকারীদের নিয়ে শিগগিরই একটি যৌথ সমন্বয় সভা আয়োজন করা হবে।
রাষ্ট্রদূত বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী প্রায় ২০০ কোরিয়ান কোম্পানির বিভিন্ন পরিচালনাগত চ্যালেঞ্জ তুলে ধরেন।
বিশেষ করে স্যামসাংয়ের গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) সেন্টারের গবেষণাসামগ্রী ও নমুনা আমদানিতে প্রশাসনিক জটিলতা, আমদানি পারমিট (আইপি) ছাড়করণে দীর্ঘসূত্রতা এবং কাস্টমস নীতিমালা সংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করার অনুরোধ জানান তিনি।
স্যামসাংসহ কোরিয়ান কোম্পানির আমদানি জটিলতা নিরসনে নির্দেশনা
রাষ্ট্রদূতের উত্থাপিত সমস্যার পরিপ্রেক্ষিতে স্যামসাংসহ কোরিয়ান বিনিয়োগকারীদের আমদানি সংক্রান্ত জটিলতা দ্রুত নিরসনে বাণিজ্য মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবকে ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব দেওয়ার নির্দেশনা দেন বাণিজ্যমন্ত্রী।
তিনি বলেন, ভিসা প্রক্রিয়া সহজ করার পাশাপাশি আমদানি পারমিট ইস্যুর কার্যক্রম সম্পূর্ণ অনলাইন ও রিয়েল টাইমে সম্পন্ন করার কাজ চলছে।
জাহাজ নির্মাণে যৌথ বিনিয়োগ ও প্রযুক্তি হস্তান্তরের প্রস্তাব
দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে জাহাজ নির্মাণ খাতে যৌথ বিনিয়োগের প্রস্তাব দেন বাণিজ্যমন্ত্রী।
স্থানীয় প্রকৌশলী ও জনবলকে কাজে লাগিয়ে বাংলাদেশে বিশেষায়িত ‘ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার’ গড়ে তোলার প্রস্তাব দেন তিনি। এর মাধ্যমে যৌথ উদ্যোগে বৈশ্বিক চাহিদা পূরণের সম্ভাবনা তুলে ধরেন মন্ত্রী।
প্রস্তাবে ইতিবাচক সাড়া দেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত। দেশটির শীর্ষস্থানীয় জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান হানওয়া ওশান ও হুন্দাই হেভি ইন্ডাস্ট্রিজের সঙ্গে সমন্বয় করে দীর্ঘমেয়াদি প্রযুক্তি হস্তান্তর ও যৌথ বিনিয়োগের সুযোগ খতিয়ে দেখার আগ্রহ প্রকাশ করেন তিনি।
বৈঠকে এলএনজি সরবরাহ নিয়েও আলোচনা হয়।
বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত
বৈঠকে বাণিজ্য সচিব শরফ উদ্দিন আহমদ, অতিরিক্ত সচিব (ডব্লিউটিও) খাদিজা নাজনীনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

