আরডিএর প্রধান ফটকের সামনে থেকে শিশুটিকে উদ্ধার করে আনসার সদস্যরা, পরিবারের সন্ধানে পুলিশের কাছে হস্তান্তর
বগুড়ার শেরপুরে পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) প্রধান ফটকের সামনে থেকে সোমবার রাতে আমেনা নামে সাত বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে উদ্ধার করা হয়েছে। মৃদু শীতের রাতে একা দাঁড়িয়ে থাকা শিশুটিকে নিরাপদে উদ্ধার করেন সেখানে দায়িত্বরত মানবিক আনসার সদস্যরা।
অপ্রাপ্তবয়স্ক হওয়ায় নিজের গ্রাম পাবনা বললেও পরিবারের অন্য কোনো সুস্পষ্ট তথ্য দিতে পারেনি শিশুটি। এমন পরিস্থিতিতে আরডিএ কর্তৃপক্ষের পরামর্শক্রমে আনসার সদস্যদের তাৎক্ষণিক মানবিক উদ্যোগ ও তৎপরতা শিশুটির নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
নিরাপত্তা নিশ্চিত করে পুলিশের কাছে হস্তান্তর
নিরাপত্তা ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমেনাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে মঙ্গলবার রাতে তাকে শেরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
উদ্ধার অভিযানে অগ্রণী ভূমিকা পালন করেন কর্তব্যরত অঙ্গীভূত আনসার সদস্য এপিসি আব্দুর রাজ্জাক, আনসার মোঃ মামুনুর রশিদ, আনসার মোঃ রবিউল ইসলাম ও আনসার মোঃ আব্দুস ছাত্তার।
শিশুটির পরিবারের সন্ধান করছে পুলিশ
পুলিশ শিশুটির প্রকৃত অভিভাবকের সন্ধান করছে। এদিকে, শিশুটিকে নিরাপদে উদ্ধারে আনসার সদস্যদের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেছেন স্থানীয়রা।

