চট্টগ্রামের কর্ণফুলী চ্যানেলে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৯ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ৭০ হাজার কেজি সিমেন্ট জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি কার্গো বোট জব্দসহ পাঁচ পাচারকারীকে আটক করা হয়েছে।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
কর্ণফুলী চ্যানেলে বিশেষ অভিযান
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলের ১৮ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালানো হয়। এ সময় অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৯ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ৭০ হাজার কেজি সিমেন্ট উদ্ধার করা হয়।
এ ছাড়া পাচারকাজে ব্যবহৃত একটি বোট জব্দ এবং পাঁচজন পাচারকারীকে আটক করা হয়।
আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, জব্দ করা সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

