নতুন ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা দিয়ে উল্টে যায় বাসটি
চট্টগ্রামের পতেঙ্গায় পোশাকশ্রমিক বহনকারী বাস উল্টে চালকের সহকারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ১০ শ্রমিক আহত হয়েছেন।
সোমবার সকালে পতেঙ্গা থানার লিঙ্ক রোডের নতুন ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. আলমগীর (৪৫) বাসটির চালকের সহকারী ছিলেন।
যেভাবে দুর্ঘটনা
পতেঙ্গা থানার ওসি মো. পারভেজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি কর্ণফুলী ইপিজেডের বেনটক বিডি নামের একটি প্রতিষ্ঠানের শ্রমিকদের কর্মস্থলে নিয়ে যাচ্ছিল।
তিনি বলেন, “কর্ণফুলী টানেল থেকে বের হয়ে বাসটি লিঙ্ক রোডে দ্রুতগতিতে চালানোর সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বাসটি সড়কের পাশের রেলিংয়ে ধাক্কা লেগে উল্টে যায় এবং চালকের সহকারী বাসের নিচে চাপা পড়েন।”
ওসি জানান, বাসে থাকা কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে নেওয়া হয়েছে।
হাসপাতালে একজনের মৃত্যু
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরে আলম আশেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গুরুতর আহত আলমগীরকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানান, আহত চার শ্রমিককে হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

